গরম চা-কফি খেলে কী হয়

গরম চা-কফি খেলে কী হয়

সকালের শুরু এক কাপ গরম কফি কিংবা চা দিয়ে—অনেকেরই এমন অভ্যাস রয়েছে। তবে চা-কফি খুব গরম অবস্থায় পান করার অভ্যাস স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। নতুন এক বৃহৎ গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত গরম চা বা কফি পান করলে খাদ্যনালির একটি সাধারণ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।

গবেষণায় যুক্তরাজ্যের প্রায় ১০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষের তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকরা। এতে দেখা গেছে, যারা চা বা কফি ‘খুব গরম’ অবস্থায় পান করতে পছন্দ করেন, তাদের স্কোয়ামাস সেল কার্সিনোমা (SCC) নামের খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় তিন গুণ বেশি। ৮ সেপ্টেম্বর International Journal of Cancer-এ প্রকাশিত গবেষণায় আরো বলা হয়েছে, প্রতিদিন ছয় বা তার বেশি গরম পানীয় পান করার সঙ্গেও খাদ্যনালির SCC-এর বাড়তি ঝুঁকির সম্পর্ক পাওয়া গেছে। তবে গবেষণায় আশার কথাও রয়েছে। পানীয়ের তাপমাত্রা কিছুটা কমিয়ে পান করলে এই ক্যানসারের অনেক ঘটনা প্রতিরোধ করা সম্ভব হতে পারে বলে গবেষকরা মনে করছেন।

বিজ্ঞাপন

গবেষকদের মতে, শুধু চা-কফি পান করার পরিমাণ নয়, পানীয়টি কতটা গরম—সেটিও গুরুত্বপূর্ণ। অতিরিক্ত গরম পানীয় নিয়মিত পান করলে খাদ্যনালির ভেতরের আবরণে বারবার তাপজনিত ক্ষত তৈরি হতে পারে, যা দীর্ঘ মেয়াদে ক্যানসারের ঝুঁকি বাড়াতে ভূমিকা রাখতে পারে।

তাই চা, কফি বা অন্য কোনো গরম পানীয় পান করার আগে কিছুটা ঠান্ডা করে নেওয়া যেতে পারে। একই সঙ্গে প্রতিদিন অতিরিক্ত সংখ্যক গরম পানীয় পান করার অভ্যাসও কমানো ভালো।

গবেষণাটি এখন পর্যন্ত এ বিষয়ে পরিচালিত সবচেয়ে বড় গবেষণাগুলোর একটি। তবে এটি মূলত গরম পানীয়ের তাপমাত্রা ও ক্যানসারের ঝুঁকির মধ্যে সম্পর্ক দেখিয়েছে; সরাসরি কোনো কার্যকারণ প্রমাণ করেনি। খাদ্যনালির ক্যানসারের ঝুঁকিতে ধূমপান, অ্যালকোহলসহ অন্যান্য কারণও ভূমিকা রাখতে পারে।

তথ্যসূত্র: হেলথ লাইন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন