সম্প্রতি রাজধানীর মগবাজারে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ‘দিগন্ত মেমোরিয়াল ক্যানসার ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন আমার দেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ফিরোজা মাহমুদ। ক্যানসার আক্রান্ত রোগীদের নিয়ে কাজ করা এই ফাউন্ডেশনের পাশে সব সময় থাকার আশ্বাস দেন ফিরোজা মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে আমার দেশ সম্পাদক বলেন, ‘ক্যানসার হলেই তো আমাদের বিভিন্ন পার্শ্ববর্তী দেশে দৌড়াতে হচ্ছে চিকিৎসার জন্য। আমি মনে করি, আমাদের ডাক্তারেরও অভাব নেই। আমাদের প্রচুর ডাক্তার, মেধাবী ডাক্তাররা আছেন। হয়তো সুযোগ-সুবিধার সমস্যা আছে। হয়তো ট্রেনিংয়ের সমস্যা আছে, স্পেশালাইজেশন হচ্ছে না। এগুলোর দিকে দেখা দরকার। আমি আজকের এই বক্তব্যের মাধ্যমে সরকারের প্রতিও আহ্বান জানাব, ক্যানসার অসুখটাকে স্বাস্থ্য মন্ত্রণালয় যেন খুব মনোযোগ দিয়ে দেখে। এটাকে প্রায়োরিটি বেসিসে যেন চিকিৎসা করার চেষ্টা করা হয়।’
দিগন্ত মেমোরিয়াল ক্যানসার ফাউন্ডেশনের প্রচার ও প্রসার নিয়ে তিনি বলেন, ‘আমার দেশ বাংলাদেশের একটি অন্যতম প্রধান জাতীয় পত্রিকা। সেখানে যদি দিগন্ত মেমোরিয়াল ক্যানসার ফাউন্ডেশন সম্পর্কে বলা হয় এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, মানুষের সহযোগিতা চাওয়া হয়, তাহলে আমি আশাবাদী যে মানুষ এগিয়ে আসবে। এমন একটা ভালো প্রচেষ্টা ব্যর্থ হতে পারে না। এখানে যারা ম্যানেজমেন্টে থাকবেন, তাদের অনেকেই আমার বন্ধুবান্ধব। কাজেই তাদের সঙ্গে আমি সব সময়ই জড়িত থাকব।’
সভায় আরো উপস্থিত ছিলেন ডা. মো. রুহুল আমিন, ফরিদা ইয়াসমিন কনা, মো. আলতাফ হোসেন, ডা. মো. নওফেল ইসলাম, ডা. আইরিন পারভীন, ফারুক আল নাসির, ডা. মনির হোসেনসহ বোর্ডের অন্যান্য সদস্য।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

