টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের বিলের পানিতে ডুবে তাওহীদ নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার কদিম ধল্যা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাওহীদ ওই গ্রামের মৃত আমিনুর মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাওহীদসহ কয়েকজন শিশু বাড়ির পাশের বিলে খেলতে যায়। একপর্যায়ে তাওহীদ পানিতে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিলের পানিতে তাওহীদের জুতা ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর পানিতে নেমে খোঁজাখুঁজি করে তাওহীদকে উদ্ধার করা হয়। পরে তাকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা নাজমুন নাহার ইতি বলেন, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। হাসপাতালে আনার কয়েক ঘণ্টা আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মাত্র এক মাসের ব্যবধানে তাওহীদের বাবা আমিনুর মিয়া ও চাচা নজরুল ইসলাম প্রবাসে মারা যান। এরপর পরিবারের ছোট্ট সদস্য তাওহীদের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

