পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে এবং দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করালেন বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।
সোমবার দুপুরে গৌরনদী উপজেলার পালরদী মডেল স্কুল এন্ড কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রতিষ্ঠানের শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি এ শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত শিক্ষার্থীরা দেশের প্রতি আনুগত্য, দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলা প্রশাসকের সঙ্গে শপথ বাক্য পাঠ করেন।
শপথপাঠ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্যসচিব সফিকুর রহমান শরীফ স্বপন, পৌর নির্বাহী কর্মকর্তা হারুনুর রশীদ, প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেন নবাগত জেলা প্রশাসক মামুন খন্দকার। মতবিনিময় সভায় ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

