মাকে ভাত খাওয়ার কথা বলে

রাজাপুরে খালে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

রাজাপুরে খালে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ফাহিম হাওলাদার (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার গালুয়া ইউনিয়নের নিজ গালুয়া এলাকার একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ফাহিম গালুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসী সোহাগ হাওলাদারের ছেলে। সে নিজ গালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে মাকে ভাত খাওয়ার কথা বলে বাড়ির সামনের খালে গোসল করতে যায় ফাহিম। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় তার মা ও প্রতিবেশীরা তাকে খুঁজতে বের হন। পরে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরের খালের ঘাটে তার জুতা ও কাপড় পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জাল দিয়ে খালে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।

পরে রাতে রাজাপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বুধবার সকাল সাড়ে ৭টায় ফাহিমের দাদা আবদুল মান্নান হাওলাদার (৭৫) জাল দিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল ৮টায় তার লাশ উদ্ধার করেন।

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ফাহিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...