আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর তদন্তে সত্যতা

চেয়ারম্যান গ্রেনেট বাবুকে বহিষ্কার না করার কারণ দর্শানোর নোটিশ

চেয়ারম্যান গ্রেনেট বাবুকে বহিষ্কার না করার কারণ দর্শানোর নোটিশ

দৈনিক আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

বিজ্ঞাপন

চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি খাসজমি অবৈধভাবে দখল, ক্ষমতার অপব্যবহার এবং ব্যক্তি স্বার্থে ইউনিয়ন পরিষদের সরকারি অর্থ ব্যবহারের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় এ নোটিশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।

নোটিশে বলা হয়েছে, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেট বাবু) এর বিরুদ্ধে সরকারি খাসজমি অবৈধভাবে দখল, ক্ষমতার অপব্যবহার এবং ব্যক্তি স্বার্থে ইউনিয়ন পরিষদের সরকারি অর্থ ব্যবহারের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এসব কর্মকাণ্ডে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ) ও ৩৪(৪) ধারায় অপরাধ সংঘটিত হওয়ায় কেন তাকে সাময়িক বহিষ্কার করা হবে না, নোটিশে তা জানতে চাওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, এর জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক, নীলফামারীর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানো নিশ্চিত করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এর আগে গত ২৩ মে দৈনিক আমার দেশ অনলাইনে চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুর বিরুদ্ধে ‘ইউপি চেয়ারম্যানের দখলে ১২ কোটি টাকার খাস জমি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক পত্রে জেলা প্রশাসনকে অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়।

পরে জেলা প্রশাসক পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটি সরেজমিন তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে। ওই তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন