আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেসেঞ্জার ব্যবহারে বড় পরিবর্তন আনছে মেটা

আমার দেশ অনলাইন

মেসেঞ্জার ব্যবহারে বড় পরিবর্তন আনছে মেটা

এপ্রিল ২০২৬ থেকে মেসেঞ্জার.কম ওয়েবসাইটটি আর চলবে না বলে ঘোষণা করেছে মেটা । ব্রাউজার থেকে সরাসরি মেসেঞ্জার ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। এর আগে, প্রতিষ্ঠানটি উইন্ডোজ ও ম্যাকের জন্য মেসেঞ্জারের স্বতন্ত্র ডেস্কটপ অ্যাপটি বন্ধ করে দিয়েছিল। এবার ওয়েব সংস্করণও বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মেটা জানিয়েছে, চলতি বছরের ৬ এপ্রিল থেকে মেসেঞ্জার.কমে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে facebook.com/messages পেজে চলে যাবেন। এখন থেকে ওয়েবের মাধ্যমে বার্তা আদান-প্রদানের জন্য ফেসবুকের মূল সাইট ব্যবহার করতে হবে। তবে, অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল অ্যাপে মেসেঞ্জার ব্যবহার করা আগের মতোই চালু থাকবে এবং সেখানে কোনো পরিবর্তন হবে না।

বিজ্ঞাপন

যারা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই মেসেঞ্জার.কম ব্যবহার করতেন, তারাই বেশি সমস্যায় পড়তে পারেন। ওয়েব সংস্করণ বন্ধ হলে তাদের এখন ফেসবুকে লগইন করে বার্তা দেখতে হবে। ছোট ব্যবসা, কমিউনিটি গ্রুপ বা ব্যক্তিগত যোগাযোগের জন্য যারা ব্রাউজারে আলাদা মেসেঞ্জার ব্যবহার করতেন, তাদের এখন ফেসবুকের মূল ডেস্কটপ সংস্করণে চ্যাট করতে হবে।

এর আগে ২০১১ সালে ফেসবুক আলাদা অ্যাপ হিসেবে মেসেঞ্জার চালু করেছিল। ধীরে ধীরে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় বার্তা আদান–প্রদানের মাধ্যম হয়ে ওঠে। গত বছরই মেটা উইন্ডোজ ও ম্যাকের জন্য মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপটি বন্ধ করে দেয়। এখন ওয়েব সংস্করণ বন্ধ করে মেটা বৃহত্তর একীভূতকরণ হচ্ছে।

যারা ডেস্কটপে মেসেঞ্জার ব্যবহার করতেন তাদের এখন ফেসবুকের লগইন তথ্য প্রস্তুত রাখতে হবে। কারণ পরিবর্তন কার্যকর হলে, ওয়েব-এ চ্যাট করতে হলে ফেসবুকে লগইন করা বাধ্যতামূলক হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন