গুগল ম্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। জেমিনি-ভিত্তিক ‘অ্যাস্ক ম্যাপস’ সহকারীর মাধ্যমে এখন খাবার অর্ডার, গণপরিবহনের বিলম্বের লাইভ তথ্য জানা এবং ভ্রমণ পরিকল্পনার মতো একাধিক কাজ সহজে করা যাবে।
নতুন সুবিধার ফলে ব্যবহারকারীরা স্বাভাবিক ভাষায় একাধিক ধাপের কাজের নির্দেশ দিতে পারবেন। উদাহরণ হিসেবে, বাড়ি ফেরার পথে নির্দিষ্ট কোনো খাবার সংগ্রহ করতে চাইলে অ্যাস্ক ম্যাপসকে নির্দেশ দেওয়া যাবে। এরপর এটি কাছাকাছি রেস্তোরাঁ খুঁজে দেবে, পছন্দের রেস্তোরাঁ বেছে নেওয়ার সুযোগ দেবে এবং নির্দিষ্ট খাবার কার্টে যোগ করে দেবে। সবশেষে ব্যবহারকারী অর্ডার পর্যালোচনা করে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।
খাবার অর্ডারের সুবিধাটি রেস্তোরাঁ প্রযুক্তি প্রতিষ্ঠান স্কয়ার ও টোস্টের অংশীদারত্বে চালু করা হচ্ছে। শিগগিরই এ সেবায় উবার ইটসও যুক্ত হবে।
সহজ হবে ভ্রমণ পরিকল্পনা
অ্যাস্ক ম্যাপসের মাধ্যমে এখন রিয়েল-টাইমে হোটেলের মূল্য ও খালি কক্ষের তথ্য তুলনা করা যাবে। পাশাপাশি আশপাশের দর্শনীয় স্থান ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও ব্যবহারকারীকে পরামর্শ দেবে এআই সহকারী।
এ ছাড়া গুগল নতুন একটি ট্রানজিট উইজেট চালু করেছে। এর মাধ্যমে বাস, ট্রেন, মেট্রো ও ফেরির চলাচলে কোথায় বিলম্ব হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিক তথ্য পাওয়া যাবে।
ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী পরামর্শ
অ্যাস্ক ম্যাপসে ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ নামে নতুন একটি সুবিধাও যুক্ত হয়েছে। ব্যবহারকারী চাইলে এটি জিমেইলের সঙ্গে সংযুক্ত করে আসন্ন ভ্রমণের তথ্য নিতে পারবেন। এসব তথ্যের ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট আরও ব্যক্তিগতকৃত পরামর্শ দিতে পারবে।
তবে জিমেইলের সঙ্গে সংযোগ ডিফল্টভাবে বন্ধ থাকবে। ব্যবহারকারীকে সেটি নিজে থেকে চালু করতে হবে। একইভাবে কথোপকথনের ইতিহাস চালু থাকলে অ্যাসিস্ট্যান্ট আগের কথোপকথন মনে রেখে পরবর্তী প্রশ্নের আরও প্রাসঙ্গিক উত্তর দিতে পারবে।
স্থানীয় তথ্য যোগের সুযোগ
স্থানীয় বিভিন্ন তথ্য ও পরিবর্তন সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য কথোপকথনভিত্তিক এডিটিং সুবিধাও চালু করেছে গুগল। ব্যবহারকারীরা স্থানীয় কোনো তথ্য বা পরিবর্তনের বিষয়ে অ্যাস্ক ম্যাপসকে জানাতে পারবেন। পরে এসব তথ্য পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী পুরো ম্যাপস কমিউনিটির সঙ্গে শেয়ার করা হতে পারে।
আরও দেশে চালু হচ্ছে অ্যাস্ক ম্যাপস
অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ইন্দোনেশিয়া, জাপান ও মেক্সিকোসহ আরও কয়েকটি দেশে অ্যাস্ক ম্যাপস সম্প্রসারণ করছে গুগল। ইংরেজি ভাষা সমর্থিত ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলেও এটি চালু করা হচ্ছে।
তবে খাবার অর্ডার, হোটেল খোঁজা, ইভেন্টের পরামর্শ ও কমিউনিটি কন্ট্রিবিউশনের মতো কিছু সুবিধা প্রাথমিকভাবে শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা পাবেন। পরবর্তী সময়ে এসব সুবিধা আরও দেশে চালুর পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে লাইভ ট্রানজিট আপডেট, কথোপকথনের স্মৃতি এবং ব্যক্তিগতকৃত উত্তর দেওয়ার সুবিধা ওয়েব ও আইওএসের গুগল ম্যাপে অ্যাস্ক ম্যাপস বর্তমানে যেসব অঞ্চলে চালু রয়েছে, সেসব এলাকার ব্যবহারকারীদের জন্য পর্যায়ক্রমে উন্মুক্ত করা হচ্ছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


