ফুটবল খেলে ফেরার পথে কিশোর খুন, আহত ৩

ফুটবল খেলে ফেরার পথে কিশোর খুন, আহত ৩
ছবি: সংগৃহীত

সিলেটে ফুটবল খেলা শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিফাত আহমদ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিন কিশোর আহত হয়েছে।

সোমবার সন্ধ্যায় নগরের কাজীরবাজার সেলফি ব্রিজের দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রিফাত আহমদনগরের খাসদবির দারুস সালাম মাদরাসাসংলগ্ন বন্ধন জি-৩ এলাকার বাসিন্দা মিসবাহ উদ্দিনের একমাত্র ছেলে। সে দ্বীপশিখা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

আহতরা হলো—গোয়াইনঘাট উপজেলার উপরগ্রাম এলাকার মানিক হাজীর ছেলে রবিউল হাসান (১৬), এয়ারপোর্ট থানার আম্বরখানা মজুমদাদি এলাকার সাহাবুলের ছেলে সাব্বির (১৬) এবং ইলেকট্রিক সাপ্লাই এলাকার সামিউল (১৬)।

তারা সবাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় অস্ত্রোপচার চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে দক্ষিণ সুরমার একটি ইনডোর স্টেডিয়ামে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় রিফাত। খেলা শেষে সহপাঠীদের সঙ্গে বাসায় ফেরার পথে কাজীরবাজার সেলফি ব্রিজের দক্ষিণ প্রান্তে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়।

এ সময় রিফাতকে ছুরিকাঘাত করা হলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলায় আরও তিন কিশোর আহত হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, বিষয়টি নিয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ তদন্ত করছে।

এসএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, নিহত রিফাতসহ কয়েকজন কিশোর দক্ষিণ সুরমার ইনডোর স্টেডিয়ামে ফুটবল খেলে ফিরছিল। সেখানে পূর্ববর্তী কোনো বিরোধ বা ঝামেলার জের থাকতে পারে।

ফেরার পথে সেলফি ব্রিজের দক্ষিণ প্রান্তে রিফাতকে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থল দক্ষিণ সুরমা থানার আওতাভুক্ত হওয়ায় ওই থানার পুলিশ তদন্ত করছে।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার (ওসি) মো. আশরাফ উজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।

হাসপাতালে নিহত রিফাতের লাশের পাশে বাবা-মা ও একমাত্র বোনের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা জানান, রিফাত ছিল পরিবারের একমাত্র ছেলে। ফুটবল খেলতে গিয়ে এভাবে তার প্রাণ হারানোর ঘটনা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

এমএই্চ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন