ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি ও কনটেন্টের নিরাপত্তা নিয়ে তীব্র সমালোচনার মুখে ইনস্টাগ্রামের একটি বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার প্রত্যাহার করেছে মেটা। প্রকাশ্যে থাকা ইনস্টাগ্রাম ছবির ভিত্তিতে এআই দিয়ে নতুন ছবি তৈরির সুবিধাটি চালুর কয়েক দিনের মধ্যেই গোপনীয়তা ও সম্মতি নিয়ে প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে ফিচারটি বন্ধের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।
গত শুক্রবার এক বিবৃতিতে মেটা জানায়, সৃজনশীলতার নতুন সুযোগ তৈরি করতেই ফিচারটি চালু করা হয়েছিল। তবে এটি ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি এবং বিভিন্ন উদ্বেগের সৃষ্টি করায় ফিচারটি প্রত্যাহার করা হয়েছে।
সম্প্রতি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ‘মিউজ’ নামে একটি নতুন এআই ইমেজ মডেল উন্মোচন করে। টেক্সট প্রম্পটের মাধ্যমে ছবি তৈরির পাশাপাশি এতে এমন একটি সুবিধা যুক্ত করা হয়, যার মাধ্যমে নির্দিষ্ট কিছু ব্যবহারকারী যেকোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রকাশ্য (পাবলিক) ছবির ভিত্তিতে নতুন এআই-নির্ভর ছবি তৈরি করতে পারতেন। পর্যায়ক্রমে এই সুবিধা সব ইনস্টাগ্রাম ব্যবহারকারীর জন্য চালুর পরিকল্পনাও ছিল।
তবে ফিচারটি উন্মুক্ত হওয়ার পরই ব্যাপক সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, মেটা এআই চ্যাটবট সামাজিক যোগাযোগমাধ্যমের পাবলিক প্রোফাইলের ছবি ও কনটেন্ট শনাক্ত করে সেগুলোর ভিত্তিতে সহজেই সম্পাদিত ছবি তৈরি করতে পারছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিনেতা ও পারফর্মারদের সংগঠন স্যাগ-আফট্রা।
সংগঠনটির অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি ছাড়াই তার ছবি পরিবর্তন বা বিকৃত করার ঝুঁকি তৈরি করেছে এই ফিচার। এতে ব্যক্তিগত গোপনীয়তা ও ডিজিটাল পরিচয়ের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
এমি পুরস্কারজয়ী অভিনেত্রী হ্যানা এইনবাইন্ডারও ফিচারটির সমালোচনা করেন। তিনি দাবি করেন, তার অ্যাকাউন্টে এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে গিয়েছিল এবং অনুসারীদেরও ফিচারটি বন্ধ রাখার আহ্বান জানান।
স্বয়ংক্রিয়ভাবে ফিচার চালুর বিষয়টিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করে স্যাগ-আফট্রা। একই সঙ্গে ব্যবহারকারীদের সম্ভাব্য ক্ষতি ও উদ্বেগ যথাযথভাবে বিবেচনা না করেই ফিচারটি চালুর জন্য মেটার সমালোচনা করে সংগঠনটি।
তবে বিতর্কিত ফিচারটি প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মেটাকে ধন্যবাদ জানিয়েছে স্যাগ-আফট্রার এক প্রতিনিধি।
এদিকে, এআই প্রশিক্ষণ ও বিভিন্ন ফিচারে ব্যবহারকারীদের পাবলিক কনটেন্ট ব্যবহারের বিষয়টি নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ ক্রমেই বাড়ছে। ব্যবহারকারীদের দাবি, তাদের স্পষ্ট সম্মতি ছাড়া কোনো ছবি বা কনটেন্ট এআই ব্যবস্থায় ব্যবহার করা যাবে না এবং এ বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবহারকারীদের হাতেই থাকতে হবে।
মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাবের প্রথম এআই ইমেজ জেনারেশন টুল হিসেবে ‘মিউজ’ চালু হলেও, বিতর্কিত ফিচারটি সরিয়ে নেওয়ার পর এর অন্যান্য সুবিধা পর্যায়ক্রমে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


