আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

স্টাফ রিপোর্টার

সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

সরকারের নির্বাচনী ইশতেহার “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট” বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহারে গ্রাহকদের জন্য আরও সাশ্রয়ী সুবিধা প্রদানের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি দুটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে।

নতুন এই উদ্যোগের ফলে আইএসপি, আইআইজি এবং অন্যান্য টেলিযোগাযোগ অপারেটররা কম খরচে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহারের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এ ব্যাপারে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড সেলস) ইঞ্জি. মো. আরিফুল হক আমার দেশকে বলেন, ‘এই বিশেষ প্রণোদনা প্যাকেজের মাধ্যমে আন্তর্জাতিক ব্যান্ডউইডথের মূল্য উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

ফলে দেশের আইএসপি ও আইআইজি প্রতিষ্ঠানগুলো আরও সাশ্রয়ী মূল্যে উচ্চগতির ব্যান্ডউইডথ ব্যবহার করতে পারবে। দেশের সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরাও এর সুফল পাবেন। ফলে ভারত থেকে ব্যান্ডউইডথ আমদানির উপর নির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম প্যাকেজের আওতায় সি-মি-উই- ৪ (দক্ষিণ-পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ ৪) সাবমেরিন কেবল সিস্টেমের কক্সবাজার–সিঙ্গাপুর (টুয়াস) রুটে নতুন আইপিএলসি ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ বোনাস সুবিধা প্রদান করা হবে। এ ক্ষেত্রে কোনো প্রিপেইড গ্রাহক যদি ২০০জি নতুন ক্যাপাসিটি ক্রয় করেন, তবে তাকে অতিরিক্ত ১০০জি ক্যাপাসিটি বিনামূল্যে দেওয়া হবে।

একইভাবে ১০জি নতুন ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে প্রতিটি ১০জি’র বিপরীতে আরও একটি ১০জি ক্যাপাসিটি বোনাস হিসেবে প্রদান করা হবে। যেসব গ্রাহকদের বকেয়া রয়েছে, তারা যদি ২০২৬ সালের মধ্যে বকেয়া পরিশোধের সুনির্দিষ্ট শিডিউলসহ সম্পূর্ণ বকেয়ার জন্য পোস্ট- ডেটেড চেক প্রদান করেন, তবে তারাও এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

অফারটি শুধুমাত্র নতুন অতিরিক্ত ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং ক্যাপাসিটি থাকা পর্যন্ত ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে প্রদান করা হবে। এই প্যাকেজটি ১০ মার্চ থেকে কার্যকর হবে।

এছাড়া বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র আইপি ট্রানজিট সেবার অধীন শূন্য বকেয়া প্রিপেইড গ্রাহকদের জন্য “লিমিটেড ডেস্টিনেশন বোনাস ব্যান্ডউইডথ” প্যাকেজ চালু করা হয়েছে। এ প্যাকেজের আওতায় গ্রাহকরা নির্ধারিত শর্ত সাপেক্ষে ৭০ শতাংশ পর্যন্ত বিনামূল্যে বোনাস লিমিটেড ডেস্টিনেশন ব্যান্ডউইডথ সুবিধা পাবেন।

এই সুবিধা বিএসসিপিএলসি’র কুয়াকাটা বা কক্সবাজার পপ থেকে প্রদান করা হবে এবং প্রতিষ্ঠানের সংযুক্ত বিদ্যমান সিডিএন প্রোভাইডারসমূহের ডেস্টিনেশন ব্যান্ডউইডথের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্যাকেজটি আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতায় পরিচালিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি জানিয়েছে, নতুন এই প্রণোদনা প্যাকেজগুলো দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানসমূহকে আরও সাশ্রয়ী মূল্যে [প্রতি মেগাবিট ডাটা ৯০ টাকারও কম মূল্যে] আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহারের সুযোগ করে দেবে এবং তথ্যপ্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...