অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টওয়াচ নিয়ে প্রযুক্তি অঙ্গনে জোর আলোচনা চলছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে উন্মোচিত হতে পারে অ্যাপল ওয়াচ সিরিজ ১২ এবং অ্যাপল ওয়াচ আলট্রা ৪। তবে নতুন মডেলগুলোতে বড় ধরনের নকশাগত পরিবর্তনের বদলে অভ্যন্তরীণ প্রযুক্তিগত উন্নয়নেই বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যান তাঁর সাপ্তাহিক নিউজলেটার পাওয়ার অন-এ জানিয়েছেন, অ্যাপল বর্তমানে তিনটি নতুন স্মার্টওয়াচ মডেলের উন্নয়ন ও পরীক্ষার শেষ ধাপে রয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাপল ওয়াচ সিরিজ ১২-এর দুটি সংস্করণ—একটি শুধু ওয়াই-ফাই এবং অন্যটি সেলুলার কানেক্টিভিটি সমর্থিত। পাশাপাশি তৈরি হচ্ছে অ্যাপল ওয়াচ আলট্রা ৪।
রিপোর্টে বলা হয়েছে, নতুন মডেলগুলোর অভ্যন্তরীণ কোডনেম রাখা হয়েছে এন২৩৭, এন২৩৮ এবং এন২৪০। এসব তথ্য থেকে ধারণা করা হচ্ছে, অ্যাপল তাদের নিয়মিত সেপ্টেম্বর আয়োজনেই নতুন স্মার্টওয়াচগুলো উন্মোচন করতে পারে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, অ্যাপল ওয়াচ সিরিজ ১২ এবং আলট্রা ৪-এ বড় ধরনের ডিজাইন পরিবর্তনের সম্ভাবনা কম। বরং নতুন চিপসেট, উন্নত পারফরম্যান্স, স্বাস্থ্য পর্যবেক্ষণ প্রযুক্তি, ব্যাটারি দক্ষতা এবং সফটওয়্যার অভিজ্ঞতা আরও উন্নত করার দিকেই জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি।
যদিও অ্যাপল এখনো নতুন ফিচার সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, সিরিজ ১২-এ আরও শক্তিশালী প্রসেসর, উন্নত সেন্সর এবং নতুন স্বাস্থ্যসেবা-সংক্রান্ত সুবিধা যুক্ত হতে পারে। অন্যদিকে অ্যাপল ওয়াচ আলট্রা ৪-এ অ্যাথলেট, অ্যাডভেঞ্চারপ্রেমী এবং পেশাদার ব্যবহারকারীদের জন্য আরও উন্নত ও টেকসই ফিচার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিবছরের মতো এবারও অ্যাপল ধাপে ধাপে প্রযুক্তিগত উন্নয়নের কৌশল অনুসরণ করতে পারে। ফলে সিরিজ ১২ ও আলট্রা ৪-এ বড় ধরনের বাহ্যিক পরিবর্তনের বদলে কর্মক্ষমতা ও ব্যবহারকারীর অভিজ্ঞতায় উন্নয়নই বেশি গুরুত্ব পাবে। নতুন স্মার্টওয়াচগুলোর মূল্য, পূর্ণাঙ্গ ফিচার এবং বাজারে আসার সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানা যাবে অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণার পর।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


