ইরানের সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফোর্সের উপসমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদেকিয়ান দাবি করেছেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরাইলি আগ্রাসনে ৩৭০টির বেশি শত্রুবিমানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে কয়েকটি বিমান ও ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানান তিনি।
শুক্রবার এক বক্তব্যে তিনি বলেন, আগের ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইরান নিজেদের দুর্বলতা চিহ্নিত ও প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করেছিল। এর ফলে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া পরবর্তী সংঘাতে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী উল্লেখযোগ্য সাফল্য পায়।
সাদেকিয়ান আরো জানান, পারস্য উপসাগরের জলসীমায় গত দুই দিনে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোনকে আঘাত করা হয়েছে। এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছিল, হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত হয়েছে।
ইরানি কর্মকর্তাদের দাবি, নিজস্ব প্রযুক্তি, পুরোনো অস্ত্রের আধুনিকায়ন, বিদেশি প্রযুক্তির রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং দেশীয়ভাবে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ উৎপাদনের মাধ্যমে দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেনাবাহিনী ও আইআরজিসি যৌথ কমান্ডের অধীনে কাজ করেছে বলেও জানান সাদেকিয়ান।
সূত্র: প্রেস টিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


