নীতি আদর্শে গড়ে উঠুক জীবন

নীতি আদর্শে গড়ে উঠুক জীবন

আলো ছাড়া যেমন দিনের সৌন্দর্য প্রকাশিত হয় না, তেমনি সুন্দর হৃদয় ছাড়া মানুষের সম্মান বাড়ে না। যে হৃদয়ে মানুষের প্রতি ভালোবাসা নেই, মন্দ থেকে ফিরে থাকার তাড়া নেই, তাকে হৃদয় বলা যায় না। মানুষের গায়ের রঙ কালো কি ফর্সা, লোকটি বেঁটে কী লম্বা, এসব দিয়ে মানুষের বিচার হয় না। টাকাপয়সা দিয়েও মনের সৌন্দর্য মাপা যায় না। মনের সৌন্দর্য প্রকাশিত হয় মানবিক কাজের মধ্য দিয়ে। পশুত্বকে মনে পুষে শ্রেষ্ঠত্বের অধিকারী মানুষ হওয়া যায় না। মানুষকে বিচার করতে হয় তার মন-মানসিকতা দিয়ে। কর্মগুণে মানুষ হয় সুন্দর। মানুষের এই কর্মকে নিয়ন্ত্রণ করে তার নৈতিকতা।

নৈতিকতা‌ এমন এক গুণ, যা মানুষকে ভেতর থেকে জানিয়ে দেবে এ কাজ তুমি করতে পারো না। এতে মানুষের জন্য উপকার নেই।‌ এটি মানুষের প্রশংসা পাবে না, যা মানুষের কাছে তোমার অবস্থানকে খাটো করবে।

বিজ্ঞাপন

সুতরাং জীবনকে গৌরবময় করতে চাইলে এ জীবনে নৈতিকতার বীজ বুনতে হবে। আর নৈতিকতা বীজ বোনার উপযুক্ত সময় হলো শৈশব। এ সময়ে জীবনকে যেভাবে সাজাবে প্রয়োজনে জীবন তোমার প্রতি সেভাবেই সাড়া দেবে। তাই জীবনের প্রথম বাঁকে স্বপ্নের রঙে জীবনকে গড়ে নিতে হবে। জীবনে আদর্শ থাকবে। নৈতিকতা থাকবে। অসত্যের মুখোমুখি দাঁড়িয়েও সত্যের জয়গান গাইতে হবে মানুষ। মিথ্যের কাছে মাথানত করা নৈতিকতা নয়। অন্যায়ের ওপর জীবনকে ছেড়ে দেওয়া আদর্শ নয়। আদর্শ হলো জীবনের সর্বাবস্থায় নিজের অন্তরে লালিত বিশ্বাস ও কাজকে শক্ত করে ধরে রাখা।

যাবতীয় প্রলোভন ও অনৈতিকতার বিরুদ্ধে সোচ্চার থেকে সরল মনে কাজ করতে হবে। অপবাদ থাকবে। ষড়যন্ত্র আসবে। তুমি যা করোনি, সে অন্যায়ও চাপিয়ে দেওয়া হবে । তবু ভেঙে পড়ো না । সত্যকে ছাপিয়ে কখনো মিথ্যার বিজয় হয় না।

এমন পরিস্থিতির মুখোমুখি যদি তুমি হয়ে যাও, ভয় পেয়ো না। শক্ত করো নিজেকে। ভরসা রেখো মহান আল্লাহর ওপর। পৃথিবীর কেউ তোমাকে না বুঝলেও তিনি তোমাকে বুঝবেন। তোমার এই দুঃসময়ে তিনি তোমাকে ছেড়ে যাবেন না। শক্তভাবে ধরে থাকো। নিজের মনে জেগে ওঠা কথাগুলো আপন ভেবে আল্লাহকে বলো। তিনি শুনবেন। তোমার মনের ব্যথা বুঝবেন। আজকে যা হারিয়েছো, এজন্য আফসোস করো না। তিনি যখন দেওয়া শুরু করবেন, তোমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি দেবেন। প্রতিদিনের কাজগুলোর প্রতি মনোযোগ বাড়িয়ে দাও। মনে মনে সংকল্পটা দৃঢ় করে নাও, আমি পরিবর্তনের পথে হাঁটছি। সংশোধিত জীবনের অনুভূতিটা আমাকে পেতে হবে। আমাকে সৎ এবং আদর্শ মানুষ হতে হবে। অবশ্যই আমি সৎ ও পরিপূর্ণ মানুষ হব।

ঘুমের সঙ্গে যখন দেহটাকে এলিয়ে দাও, নীরবতা যখন তোমায় ছুঁয়ে যায়, পুরো মনের নিয়ন্ত্রণ এখন তোমার হাতে। এখন তুমি প্রশ্ন করো নিজেকে। সারা দিনে তুমি যা করেছো আর যা করোনি, সবই কি সঠিক ছিল? নাকি বেঠিকও হয়েছে দু-একটি। ভুল করেছো দু-একটি কাজে? এভাবে নিজেই নিজের সমালোচনা করো। দেখবে, একটা ভালো অবস্থায় পৌঁছে গেছো ইনশাআল্লাহ্ ।

সামাজিক গ্রহণযোগ্যতা বেড়েছে। মনে প্রশান্তি লেগেছে। অন্যায় করতে আর ভালো লাগবে না। তোমার মন ভালোর তৃপ্তি অনুভব করতে শিখেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন