জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল
ফাইল ছবি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। আন্তর্জাতিক সংস্থা ‘স্পেস ফর ক্লাইমেট অবজারভেটরি’ (এসসিও)-এর সদস্যপদ এবং বাংলাদেশের ‘ন্যাশনাল ফোকাল পয়েন্ট’ হিসেবে ইমেজিং ও মহাকাশভিত্তিক তথ্যের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার বিএসসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরাসি মহাকাশ সংস্থা ‘সিএনইএস’-এর নেতৃত্বে পরিচালিত এই আন্তর্জাতিক জোটে অন্তর্ভুক্তির জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদনে ২০২৫ সালের ৮ ডিসেম্বর আবেদন করে বিএসসিএল। পরবর্তীতে এসসিও-র স্টিয়ারিং কমিটি বাংলাদেশকে জোটের সহকারী দেশ ও জাতীয় ফোকাল পয়েন্ট হিসেবে অনুমোদন দেয়।

২০১৯ সালে ফ্রান্স সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত এসসিও স্যাটেলাইট ও স্থানীয় আর্থ-সামাজিক তথ্য সংগ্রহ করে জলবায়ু পরিবর্তনের স্থানীয় প্রভাব পর্যবেক্ষণ, পূর্বাভাস এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এরই মধ্যে ফ্রান্স, চীন, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে সংস্থাটির অর্থায়নে একাধিক প্রকল্প পরিচালিত হচ্ছে। বাংলাদেশেও তাদের অর্থায়নে ‘BanD-SOS’ প্রকল্পের মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের রিয়েল-টাইম পূর্বাভাস দেওয়া হচ্ছে।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সদস্যপদ অর্জনের ফলে দুর্যোগ ঝুঁকি হ্রাস, পরিবেশ পর্যবেক্ষণ এবং এসডিজি বাস্তবায়নে মহাকাশ প্রযুক্তির কার্যকর ব্যবহারে নতুন সুযোগ তৈরি হবে। ২০২৬ সালের ৯ সেপ্টেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠেয় ‘স্পেস সামিট’-এ এই সংক্রান্ত আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন