হোয়াটসঅ্যাপে ক্লিনআপ টুল, কয়েক ক্লিকেই মোছা যাবে অপ্রয়োজনীয় মিডিয়া

হোয়াটসঅ্যাপে ক্লিনআপ টুল, কয়েক ক্লিকেই মোছা যাবে অপ্রয়োজনীয় মিডিয়া

হোয়াটসঅ্যাপ চ্যানেলে জমে থাকা ছবি, ভিডিও ও ভয়েস নোটের কারণে স্মার্টফোনের স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে যাওয়ার সমস্যার সমাধানে নতুন ‘স্টোরেজ ক্লিনআপ’ টুল আনছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল মুছে ফোনের স্টোরেজ খালি করতে পারবেন।

বিজ্ঞাপন

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ডিজিটাল ট্রেন্ডসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন টুলটি ব্যবহার করে চ্যানেলের ছবি, ভিডিও বা ভয়েস নোট আলাদাভাবে খুঁজে বের করার প্রয়োজন হবে না। মাত্র কয়েকটি ক্লিকেই অপ্রয়োজনীয় ফাইল সরিয়ে মূল্যবান স্টোরেজ পুনরুদ্ধার করা যাবে।

কয়েক মাসের পরীক্ষামূলক কার্যক্রম শেষে ফিচারটি অ্যান্ড্রয়েডের সর্বশেষ বিটা সংস্করণে সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। ধাপে ধাপে আরও বেশি বিটা ব্যবহারকারীর কাছে এটি পৌঁছে দেওয়া হবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপের স্টোরেজ সেটিং থেকে চ্যানেলের মিডিয়া ফাইল দেখা ও মুছে ফেলার সুযোগ থাকলেও প্রতিটি ফাইল আলাদাভাবে নির্বাচন করতে হয়। নতুন ‘স্টোরেজ ক্লিনআপ’ টুলে সেই ঝামেলা কমিয়ে আরও সহজভাবে মিডিয়া ব্যবস্থাপনার সুযোগ রাখা হয়েছে।

নতুন ফিচারে ব্যবহারকারীরা চ্যানেলের ইনফরমেশন পেজ থেকেই জানতে পারবেন, ওই চ্যানেলটি ফোনে কতটুকু জায়গা দখল করেছে। পাশাপাশি ছবি, ভিডিও, স্টিকার ও ভয়েস নোট আলাদা ক্যাটেগরিতে দেখে প্রয়োজন অনুযায়ী মুছে ফেলা যাবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, ক্লিনআপের সময় স্টার করা বার্তা বা প্রয়োজনীয় ফাইল স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে না।

এ ছাড়া একাধিক হোয়াটসঅ্যাপ চ্যানেল অনুসরণকারীদের জন্য যুক্ত হচ্ছে নতুন শর্টকাট। Updates ট্যাব থেকে এক বা একাধিক চ্যানেল নির্বাচন করে Clear Media Files অপশনের মাধ্যমে একসঙ্গে বিভিন্ন চ্যানেলের জমে থাকা মিডিয়া ফাইল মুছে ফেলা যাবে। এতে প্রতিটি চ্যানেলে আলাদাভাবে প্রবেশ করার প্রয়োজন হবে না।

হোয়াটসঅ্যাপের এই নতুন সুবিধা বিশেষভাবে উপকারী হবে নিয়মিত চ্যানেল ব্যবহারকারীদের জন্য। কারণ অনেক চ্যানেল প্রতিদিন বিপুল পরিমাণ ছবি ও ভিডিও শেয়ার করে, যা সময়ের সঙ্গে ফোনের উল্লেখযোগ্য স্টোরেজ দখল করে নেয়। নতুন টুলটি সেই অপ্রয়োজনীয় ফাইল দ্রুত অপসারণ করে স্টোরেজ ব্যবস্থাপনাকে আরও সহজ ও কার্যকর করবে।

তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য মূল হোয়াটসঅ্যাপ অ্যাপে ফিচারটি কবে উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বর্তমানে এটি কেবল অ্যান্ড্রয়েডের সীমিতসংখ্যক বিটা ব্যবহারকারীর জন্য উপলব্ধ।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন