ফুটবলের ইতিহাসে বল সবসময়ই ছিল খেলার প্রাণ। কখনো চামড়ার তৈরি ভারী বল। কখনো হালকা সিনথেটিক বল। সময়ের সঙ্গে এর নকশা ও উপাদান বদলেছে। কিন্তু ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের বল সেই প্রচলিত ধারণাকেই পাল্টে দিয়েছে। এই বলকে শুধু ফুটবল বললে ভুল হবে। কারণ এর ভেতরে রয়েছে সেন্সর, মাইক্রোপ্রসেসর, ডেটা ট্রান্সমিশন সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সংযোগ স্থাপনের সক্ষমতা। এক অর্থে এটি একটি ক্ষুদ্র কম্পিউটার, যা খেলার প্রতিটি মুহূর্ত সম্পর্কে তথ্য সংগ্রহ করে চলেছে। এই বিশ্বকাপের অফিশিয়াল বলের নাম TRIONDA। স্প্যানিশ শব্দ Tri (তিন) এবং Onda (তরঙ্গ) থেকে নামটি এসেছে। তিনটি স্বাগতিক দেশÑযুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ঐক্যকে প্রতীকীভাবে তুলে ধরতেই এই নামকরণ। বলটির নকশায় তিন দেশের জাতীয় পরিচয়ের ছাপ রয়েছে। আর এর চার-প্যানেলের বিশেষ গঠন আগের যেকোনো বিশ্বকাপ বলের তুলনায় ভিন্ন।
তবে TRIONDA-এর সবচেয়ে বড় আকর্ষণ বাইরের নকশা নয়, বরং ভেতরের প্রযুক্তি। বলের কেন্দ্রে বসানো হয়েছে একটি ইনারশিয়াল মেজারমেন্ট ইউনিট (IMU) সেন্সর। এই ক্ষুদ্র চিপটি প্রতি সেকেন্ডে ৫০০ বার বলের অবস্থান, গতি, দিক পরিবর্তন এবং স্পর্শ-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। অর্থাৎ মাঠে বলটি কোথায় যাচ্ছে, কত গতিতে যাচ্ছে এবং ঠিক কখন কোনো খেলোয়াড়ের পায়ে বা শরীরে স্পর্শ করছেÑসবকিছুই মুহূর্তের মধ্যে রেকর্ড হচ্ছে।
একসময় অফসাইড সিদ্ধান্ত ছিল ফুটবলের সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটি। কয়েক সেন্টিমিটারের ব্যবধান নিয়ে ম্যাচ শেষে দিন-রাত বিতর্ক চলত। এখন সেই কাজ করছে স্মার্ট বল। বলের সেন্সর এবং স্টেডিয়ামে স্থাপিত একাধিক উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা একসঙ্গে কাজ করে নির্ধারণ করতে পারে ঠিক কোন মুহূর্তে পাস দেওয়া হয়েছিল। ফলে অফসাইড শনাক্তকরণ আগের তুলনায় অনেক বেশি দ্রুত ও নির্ভুল হয়েছে।
ফিফার নতুন প্রযুক্তি এখানেই থেমে নেই। ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া সব খেলোয়াড়ের ত্রিমাত্রিক ডিজিটাল অবতার বা 3D Avatar তৈরি করা হয়েছে। বিশেষ স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে প্রতিটি খেলোয়াড়ের শরীরের ডিজিটাল মডেল তৈরি করা হয়। এরপর স্মার্ট বল থেকে পাওয়া তথ্য এবং স্টেডিয়ামের ক্যামেরাগুলোর ডেটা একত্র করে AI সিস্টেম কয়েক সেকেন্ডের মধ্যেই অফসাইড, হ্যান্ডবল বা বিতর্কিত সিদ্ধান্ত বিশ্লেষণ করতে পারে।
ফুটবল প্রযুক্তির এই বিপ্লবের পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। AI শুধু সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করছে না। বরং ম্যাচের ডেটা বিশ্লেষণ করেও নতুন তথ্য তুলে ধরছে। কোন খেলোয়াড় কত গতিতে দৌড়েছেন। বল কত জোরে শট হয়েছে কিংবা কোন পাসটি সবচেয়ে কার্যকর ছিল। এসব তথ্য এখন তাৎক্ষণিকভাবে পাওয়া যাচ্ছে। এর ফলে কোচ, বিশ্লেষক এবং সম্প্রচার প্রতিষ্ঠানগুলো নতুন মাত্রার পরিসংখ্যান ব্যবহার করতে পারছে।
এই বলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো Connected Ball Technology। সেন্সর থেকে সংগৃহীত তথ্য সরাসরি VAR সিস্টেমে পাঠানো হয়। আগে যেখানে একটি সিদ্ধান্ত নিতে কয়েক মিনিট সময় লাগত। এখন অনেক ক্ষেত্রে ২০ থেকে ২৫ সেকেন্ডের মধ্যেই ফল পাওয়া যাচ্ছে। এতে খেলার গতি বজায় থাকে এবং দর্শকদের অপেক্ষাও কমে যায়।
প্রযুক্তির প্রভাব শুধু মাঠে নয়। দর্শকদের অভিজ্ঞতায়ও পড়ছে। এখন সম্প্রচারকারীরা বলের গতি, স্পিন, শটের শক্তি এবং বলের গতিপথের মতো তথ্য গ্রাফিকস আকারে দেখাতে পারছে। এর সঙ্গে যুক্ত হয়েছে AI-চালিত রিপ্লে। 3D ভিজ্যুয়ালাইজেশন এবং রেফারির দৃষ্টিকোণ থেকে ম্যাচ দেখানোর বিশেষ ক্যামেরা। ফলে দর্শকরা শুধু খেলা দেখছেন না, বরং খেলার ভেতরের বিজ্ঞানও বুঝতে পারছেন। তবে এই প্রযুক্তি নিয়ে বিতর্কও কম নয়। অনেক ফুটবলপ্রেমীর মতে, ফুটবলের সৌন্দর্য তার আবেগ, নাটকীয়তা এবং মানবিক ভুলের মধ্যেই নিহিত। প্রযুক্তি যত বাড়ছে, খেলার মানবিক দিক তত কমে যাচ্ছে বলে তাদের আশঙ্কা। অন্যদিকে সমর্থকরা বলছেন, কোটি কোটি দর্শকের সামনে একটি ম্যাচ যেন ভুল সিদ্ধান্তে প্রভাবিত না হয়। সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মজার বিষয় হলো, কয়েক দশক আগে বিশ্বকাপের বল তৈরির মূল লক্ষ্য ছিল শুধু ভালোভাবে ওড়া, কম পানি শোষণ করা বা খেলোয়াড়দের নিয়ন্ত্রণে সুবিধা দেওয়া। আর আজকের বল নিজেই তথ্য সংগ্রহ করছে। বিশ্লেষণ করছে এবং রেফারিকে সিদ্ধান্ত নিতে সহায়তা করছে। প্রযুক্তির এই অগ্রগতি দেখিয়ে দিয়েছে, আধুনিক ফুটবল শুধু মাঠের ২২ খেলোয়াড়ের খেলা নয়। এটি এখন ডেটা, সেন্সর, অ্যালগরিদম এবং কৃত্রিম বুদ্ধিমত্তারও খেলা।
সব মিলিয়ে ২০২৬ সালের বিশ্বকাপের TRIONDA বল ফুটবল প্রযুক্তির ইতিহাসে একটি মাইলফলক। বাইরে থেকে এটি সাধারণ ফুটবলের মতো হলেও ভেতরে লুকিয়ে আছে এমন সব প্রযুক্তি, যা কয়েক বছর আগেও কল্পনা করা কঠিন ছিল। তাই বলা যায়, ২০২৬ বিশ্বকাপের বল আর শুধু বল নয়Ñএ যেন এক টুকরো কম্পিউটার, যা ফুটবলের ভবিষ্যৎকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

