ইন্টারনেটে ৩ দিন ধীরগতির আশঙ্কা, রক্ষণাবেক্ষণে যাচ্ছে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল

স্টাফ রিপোর্টার

ইন্টারনেটে ৩ দিন ধীরগতির আশঙ্কা, রক্ষণাবেক্ষণে যাচ্ছে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি মি উই ৫ রক্ষণাবেক্ষণ ও ত্রুটি মেরামতের কাজ শুরু হওয়ায় আগামী বৃহস্পতিবার রাত থেকে পরবর্তী তিন দিন সারা দেশে ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিতে পারে। এসময় আংশিক বিঘ্নও ঘটতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি (বিএসসিসিএল)। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসসিসিএল।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, কুয়াকাটায় স্থাপিত দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমে সনাক্ত হওয়া ‘শাট ফল্ট’ মেরামতের কাজ শুরু হবে বৃহস্পতিবার রাত ১০টা থেকে। নির্ধারিত সময় অনুযায়ী এই কাজ চলবে সোমবার ভোর ৬টা পর্যন্ত। অর্থাৎ, টানা ৩ দিন ৮ ঘণ্টা চলবে এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম।

বিজ্ঞাপন

বিএসসিসিএল জানায়, মেরামত চলাকালে সাময়িকভাবে বন্ধ রাখা হবে এই ক্যাবল দিয়ে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো। ফলে গ্রাহকরা ইন্টারনেট ব্যবহারে ধীরগতি কিংবা আংশিক সেবা বিঘ্নের মুখোমুখি হতে পারেন। বিশেষ করে আন্তর্জাতিক ব্যান্ডউইথনির্ভর সেবাগুলোতে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে বিকল্প হিসেবে কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি মি উই ৪ চালু থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। এর ফলে পুরো দেশ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে না, তবে স্বাভাবিক গতির তুলনায় ধীরগতির সমস্যা দেখা দিতে পারে। বিএসসিসিএলের মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) মোহাম্মদ জাকিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক কনসোর্টিয়ামের মাধ্যমে দ্রুততম সময়ে কাজ শেষ করার চেষ্টা চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই মেরামত শেষ করে স্বাভাবিক ইন্টারনেট সেবা পুনঃস্থাপন করা হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন