সখীপুরে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

সখীপুরে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

টাঙ্গাইলের সখীপুরে মালবাহী ট্রাকের চাপায় ইসরাত জাহান আঁখি (২২) ও তার কোলে থাকা এক বছর বয়সী কন্যাশিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

‎নিহত ইসরাত জাহান আঁখি বাসাইল উপজেলার আদাবাড়ি গ্রামের শুভ আহমদের স্ত্রী। তিনি তাঁর এক বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে সিএনজি চালিত অটোরিকশা যোগে সখিপুর উপজেলার পাহাড়কাঞ্চনপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।

‎নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাসাইলের আদাবাড়ি গ্রামের স্বামীর বাড়ি থেকে মেয়েকে সঙ্গে নিয়ে সিএনজিতে করে সখীপুর উপজেলার পাহাড়কাঞ্চনপুরের উদ্দেশে রওনা হন আঁখি। সিএনজিটি নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি থেকে ছিটকে পড়ে মা ও মেয়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

‎দুর্ঘটনার খবর পেয়ে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

‎দুর্ঘটনার বিষয়ে সখিপুর থানা পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন