ঢাকার সাভারে খাস পুকুর খনন, সংস্কার ও সৌন্দর্যবর্ধনের নামে সরকারি প্রকল্পের আড়ালে কোটি টাকার মাটি বিক্রির অভিযোগ উঠেছে। প্রায় দুই কোটি ৬২ লাখ টাকার প্রকল্পে ১৮টি পুকুরের অন্তত আটটি থেকে গভীরভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করা হয়েছে। এতে একদিকে সরকারি প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে, অন্যদিকে অতিরিক্ত ভারী যানবাহন চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় সড়ক। কোথাও কোথাও পুকুরের পাড় কাটতে গিয়ে বাড়িঘর ও মসজিদ ভাঙনের ঝুঁকিও তৈরি হয়েছে। এ বিষয়ে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা জেলা প্রশাসনের বাস্তবায়নে এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সাভার উপজেলা এলাকার ১৮টি ইজারাবিহীন খাস পুকুর ও জলমহালসমূহের সংস্কার, উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্প (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি নেওয়া হয়। চারটি প্যাকেজে কাজ পায় তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, মূল ঠিকাদাররা কাজ সাব-ঠিকাদারদের কাছে দিয়ে দেন। এরপর পুকুর সংস্কারের পরিবর্তে মাটি বিক্রিই হয়ে ওঠে প্রধান লক্ষ্য। ফলে প্রকল্পের স্বচ্ছতা, কাজের মান ও সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
প্রকল্পের কার্যাদেশ অনুযায়ী ২০২৫ সালের ১২ নভেম্বর কাজ শুরু হয়ে ২০২৬ সালের ১৬ জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ১৮টি পুকুরের কোনোটিরই পুরো কাজ শেষ হয়নি। একটি পুকুরও ব্যবহার উপযোগীকরণ ও সৌন্দর্যবর্ধন কাজ সম্পন্ন হয়নি। ঠিকাদারদের দাবি, বর্ষার কারণে কাজ ব্যাহত হয়েছে এবং প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
চার প্যাকেজে ১৮ পুকুর
প্যাকেজ-১ : বনগাঁও ইউনিয়নের কুমরান, কান্দি বলিয়ারপুর ও বেড়াইদ পুকুরের খনন, সংস্কার ও সৌন্দর্যবর্ধনের জন্য ৯ লাখ ৮৬ হাজার টাকায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মেসার্স রেজিয়া ট্রেড ইন্টারন্যাশনালকে কার্যাদেশ দেওয়া হয়।
প্যাকেজ-২ : ধনঞ্জয়পুর পুকুরের জন্য একই প্রতিষ্ঠানকে দেওয়া হয় ৩৬ লাখ ১৩ হাজার টাকার কার্যাদেশ।
প্যাকেজ-৩ : জালেশ্বর-১, জালেশ্বর-২, চারিগ্রাম পশ্চিমপাড়া ও চারিগ্রাম পূর্বপাড়া পুকুরের জন্য ১ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকায় কাজ পায় সাভারের মেসার্স জাফর ট্রেডিং করপোরেশন।
প্যাকেজ-৪ : শিমুলিয়া কাচারিবাড়ি, দেওয়ানবাড়ি, বদরউদ্দিন খান, তাজপুর, কবিরপুর ভুনাবাড়ি, বাইদগাঁও জিহাস, কোনাপাড়া কচুশাক ও বাসাইদ পুকুরের জন্য ৯৫ লাখ ২২ হাজার টাকার কার্যাদেশ পায় মেসার্স হাজী শরিয়ত উল্লাহ ট্রেডার্স।
পুকুরের পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ
জালেশ্বর-২ পুকুরে একটি ভেকু দিয়ে খননকাজ শুরু হলেও বর্তমানে তা বন্ধ। স্থানীয়দের অভিযোগ, পুকুরের পাড় কেটে মাটি সরিয়ে নেওয়া হয়েছে। এতে আশপাশের বাড়িঘর এবং পাশের একটি মসজিদ ভাঙনের ঝুঁকিতে পড়ে। পরে এলাকাবাসী একত্র হয়ে কাজ বন্ধ করে দেন।
শিমুলিয়া ইউনিয়নের কাচারিবাড়ি পুকুর থেকেও অন্তত ৫০০ গাড়ি মাটি কেটে বিক্রি করার অভিযোগ করেছেন স্থানীয়রা। একই অভিযোগ উঠেছে আশুলিয়ার চারিগ্রাম, বাসাইদ, কুমরান, কান্দি বলিয়ারপুর ও বেড়াইদ এলাকার পুকুরগুলো নিয়েও।
সরেজমিনে কুমরান মৌজার ভবানীপুর এলাকার একটি পুকুরে গিয়ে দেখা যায়, পুকুরটি আগের তুলনায় অনেক গভীর করে খনন করে শত শত গাড়ি মাটি কেটে বিক্রি করা হয়েছে। স্থানীয়দের দাবি, পাড় উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজে ব্যবহারের কথা থাকলেও অল্প পরিমাণ মাটি পাড়ে রেখে বিপুল পরিমাণ মাটি অন্যত্র বিক্রি করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, কয়েক বছর আগেও সরকারি উদ্যোগে পুকুরটি খনন করা হয়েছিল। এবার আগের তুলনায় অনেক বেশি গভীর করে খনন করা হয়েছে। তাদের দাবি, শুধু এই পুকুর থেকেই প্রায় ৫০ লাখ টাকার বেশি মূল্যের মাটি বিক্রি করা হয়েছে। এসব মাটি বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিয়ম অনুযায়ী মাটি বিক্রির অর্থ জেলা প্রশাসকের অনুকূলে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট চালান পর্যালোচনায় মাটি বিক্রির পরিমাণের তুলনায় সরকারি কোষাগারে জমা দেওয়া অর্থ অনেক কম বলে অভিযোগ উঠেছে। ফলে মাটি বিক্রির প্রকৃত পরিমাণ ও সরকারি রাজস্বের হিসাব নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
বিরোধপূর্ণ জমিতে খনন, গাছ কাটার অভিযোগ
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর এলাকায় আদালতে বিচারাধীন একটি বিরোধপূর্ণ পুকুরও প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, খননের নামে ওই পুকুর থেকে শত শত ট্রাক মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম সরকারের দাবি, ওই জমি তার মালিকানাধীন এবং জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন। তার অভিযোগ, জমির মাটি কেটে নেওয়ার পাশাপাশি গাছও কাটা হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির ছয় নেতাকর্মীকে আসামি করে তিনি মামলা করেছেন।
এদিকে ভারী যানবাহন চলাচলের কারণে এলাকার ইটের তৈরি সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম পিপিএম জানান, অভিযোগ তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঠিকাদারদের বক্তব্য
প্যাকেজ-১ ও ২-এর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রেজিয়া ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মনিরুল আলম বলেন, পুকুরের দখল নিয়ে স্থানীয়ভাবে বিরোধ ছিল। স্থানীয় কয়েকজন সাংবাদিকের সহায়তায় সেই সমস্যা মিটেছে। এখন বর্ষাকাল হওয়ায় খননকাজ করা যাচ্ছে না। বর্ষা শেষ হলে কাজ শুরু করা হবে।
পুকুর থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, কোনো পুকুরেই মাটি কাটা শুরু হয়নি। তবে কান্দি বলিয়ারপুর পুকুর থেকে ১০ থেকে ১৫ ট্রাক মাটি কেটে কবরস্থান ও স্থানীয় একটি মাদ্রাসায় দেওয়া হয়েছে। তিনি জানান, কার্যাদেশের মেয়াদ ১৬ জুন শেষ হলেও প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রকল্প-৩-এর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাফর ট্রেডিং করপোরেশনের পরিচালক তপু বলেন, জালেশ্বর-১, জালেশ্বর-২ ও চারিগ্রাম পূর্বপাড়া পুকুরে কিছু মাটি কাটার কাজ হয়েছে। তবে বর্ষার কারণে পুকুরের তলদেশ থেকে মাটি কাটা সম্ভব হয়নি। সময় বাড়ানো হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে। মাটি বিক্রির অভিযোগ তিনি অস্বীকার করেন।
প্রকল্প-৪-এর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাজী শরিয়ত উল্লাহ ট্রেডার্সের মালিক মিজানুর রহমান মিনার বলেন, তাজপুর ও কাচারিবাড়ি পুকুরের কাজ শেষ হয়েছে। এ দুটি পুকুর থেকে কিছু মাটি নিয়ম অনুযায়ী বিক্রি করা হয়েছে এবং সেই অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে জেলা প্রশাসনের অনুকূলে জমা দেওয়া হয়েছে। এখনো প্রকল্পের কোনো বিল পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, বাজেট কম থাকায় সৌন্দর্যবর্ধনের কিছু কাজ বাদ দেওয়া হয়েছে এবং প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রশাসনের বক্তব্য
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তি রয়েছে বলে তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত প্রকল্পের কোনো বিল পরিশোধ করা হয়নি। বর্ষাকালে কাজ করতে সমস্যা হওয়ায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হতে পারে।
তিনি বলেন, কোনো মসজিদ বা মাদরাসা মাটি নিতে আগ্রহী না হওয়ায় কিছু মাটি ট্রেজারি চালানের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


