মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ছবি: আমার দেশ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে স্পৃষ্ট হয়ে আজাহার মন্ডল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরশুভগাছা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজাহার মন্ডল ওই এলাকার তফিল মন্ডলের ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, বৃহস্পতিবার সকালে আজাহার মন্ডল বাড়ির অদূরে নিজের আমন ধানের ক্ষেতে বৈদ্যুতিক পাম্প দিয়ে সেচ দিতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান মিস্টার বলেন, সকালে কৃষিজমিতে সেচ দিতে গিয়ে আজাহার মন্ডল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম ইফতেখার বলেন, হাসপাতালে আনার আগেই আজাহার মন্ডলের মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন