‘হারপিক এনে দেন, আমি ক্লিন করব’, কুমেক পরিচালককে কৃষিমন্ত্রী

‘হারপিক এনে দেন, আমি ক্লিন করব’, কুমেক পরিচালককে কৃষিমন্ত্রী

‘সুইপার আর হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করব’—কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের চরম অপরিচ্ছন্ন পরিবেশ ও নানা অব্যবস্থাপনা দেখে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহানকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।

বিজ্ঞাপন

কৃষিমন্ত্রীর এ মন্তব্যের ৫০ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় চারপাশের ময়লা-আবর্জনা ও নোংরা পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করছেন কৃষিমন্ত্রী।

মন্ত্রী আরো ক্ষোভ প্রকাশ করে বলেন, টাইলসের ওপর এভাবে কালো দাগ থাকার কথা নয়; নিয়মিত হারপিক ব্যবহার করলেই এসব দাগ উঠে যায়। এরপর তিনি বাথরুমগুলোর অবস্থা দেখে চরম অসন্তোষ প্রকাশ করে বলেন, বাথরুমগুলোর জঘন্য অবস্থা। সব ফ্লোরে দেখছি ছয়টি বাথরুমের মধ্যে পাঁচটিই বন্ধ। অন্তত বাথরুমগুলো তো আপনারা ব্যবহারযোগ্য রাখবেন।

একপর্যায়ে তিনি কড়া বার্তা দিয়ে বলেন, আই ওয়ান্ট ক্লিন রাইট নাউ (আমি এখনই পরিচ্ছন্ন পরিবেশ চাই)।

জানা গেছে, ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান কৃষিমন্ত্রী। পরিদর্শনের একপর্যায়ে তিনি বাথরুম, মেঝে এবং সার্বিক পরিবেশের নাজুক অবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়েন। কেবল বাথরুমের অপরিচ্ছন্নতাই নয়, হাসপাতালের কক্ষগুলোতে নষ্ট হয়ে থাকা বৈদ্যুতিক পাখাগুলোও তার নজরে আসে। দীর্ঘদিন ধরে অচল থাকা ফ্যানগুলো দ্রুততম সময়ে মেরামতের জন্য তিনি ভারপ্রাপ্ত পরিচালককে কড়া নির্দেশ দেন।

এদিকে কুমিল্লার স্থানীয় গণমাধ্যমকর্মীদের অভিযোগ, কুমেক হাসপাতালের বর্তমান ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহানকে প্রয়োজনের সময় মুঠোফোনে পাওয়া যায় না। এমনকি তার কার্যালয়ে গিয়েও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে দেখা মেলে না।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন