আমার দেশ পাঠকমেলা

ঢাকা আলিয়ার আলোচনা সভা

সাব্বির আহমেদ

ঢাকা আলিয়ার আলোচনা সভা

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার ‘আমার দেশ পাঠকমেলা, ঢাকা আলিয়া শাখা’-এর উদ্যোগে ‘উত্তর-বিপ্লবের তারুণ্য: আমরা কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা আলিয়ার আল্লামা কাশগরী হলে আয়োজিত এ অনুষ্ঠানে পাঠকমেলার সদস্যসহ প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম সাব্বির আহমেদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের প্রথম পর্বে ‘পরিকল্পিত সময় ব্যয়’বিষয়ক আলোচনা হয়। বক্তারা বলেন, উত্তর-বিপ্লবের বাংলাদেশ গঠনে তরুণদের সবচেয়ে বড় শক্তি হলো সময়ের সুষ্ঠু ব্যবহার।

তারা সময়কে দক্ষতার সঙ্গে কাজে লাগিয়ে আত্মোন্নয়ন, জাতি গঠন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডিজিটাল আসক্তি কমিয়ে নিয়মিত গ্রন্থপাঠ, সহপাঠীদের নিয়ে স্টাডি সার্কেল গঠন এবং সাপ্তাহিক লক্ষ্য নির্ধারণের মাধ্যমে আত্মগঠনের আহ্বান জানান।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সাজিদুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা শুধু পরীক্ষায় ভালো ফল অর্জন করতে চাই না; আমরা এমন একটি প্রজন্ম হিসেবে গড়ে উঠতে চাই, যারা দেশের প্রয়োজনে নিজেদের নিবেদিত রাখতে পারবে। আর সে লক্ষ্য অর্জনের প্রথম শর্ত হলো সময়ের যথাযথ ব্যবহার ও আত্মপ্রস্তুতি।’

দ্বিতীয় পর্বে ‘দেশের প্রয়োজনে জাতীয় স্বার্থে সবার ঐক্যবদ্ধ থাকা’বিষয়ক আলোচনা হয়। বক্তারা বলেন, ব্যক্তি ও মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো বিভক্তি গ্রহণযোগ্য নয়। বন্যা, ঘূর্ণিঝড়, অর্থনৈতিক সংকট কিংবা সামাজিক অস্থিরতার মতো যেকোনো জাতীয় দুর্যোগ মোকাবিলায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা মাদরাসার শিক্ষার্থীদের ব্যক্তিগত ক্যারিয়ার গঠনের পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আলোচনায় ত্রাণ কার্যক্রম, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং গুজব প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে আমার দেশ পাঠকমেলা, ঢাকা আলিয়া শাখার অর্থ সম্পাদক মাহবুব আলমের আকদ সম্পন্ন হওয়ায় তাকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি তার দাম্পত্য জীবনের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুভূতি প্রকাশ করে মাহবুব আলম বলেন, ‘পাঠকমেলার মতো একটি আদর্শিক পরিবারের সান্নিধ্য ও ভালোবাসা পেয়ে আমি কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন, যেন নতুন জীবনে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে নিজেকে আরো বেশি নিবেদিত রাখতে পারি।’ এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মুসফিক, শাহাদাত, শাহীন, তাসলিম আলম, মইনুল ইসলাম, জিসানসহ অন্য সদস্যরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আমার দেশ পাঠকমেলা, ঢাকা আলিয়া শাখা নিয়মিত গ্রন্থপাঠ, বুদ্ধিবৃত্তিক আলোচনা, গবেষণাধর্মী চর্চা এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তরুণদের মধ্যে জ্ঞানচর্চা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি মাসে অন্তত একটি আলোচনা চক্র এবং একটি স্বেচ্ছাসেবামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন