চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পশ্চিমপাড়ায় টিউবওয়েলের মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে লোকনাথপুর পশ্চিমপাড়ার কেরামত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত শফিকুল ইসলাম করুণ (৪৫) দর্শনা শান্তিপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে শফিকুল ইসলাম করুণ টিউবওয়েলের মোটর চুরি করার উদ্দেশ্যে কেরামত আলীর বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে মোটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করলে তিনি স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ভোরে পরিবারের সদস্যরা টিউবওয়েলের কাছে গিয়ে শফিকুলের লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়।
দামুড়হুদা মডেল থানার ওসি মেসবাহ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

