ঋণের চাপে বিষপানে ছেলের আত্মহত্যা, শোকে বাবার মৃত্যু

ঋণের চাপে বিষপানে ছেলের আত্মহত্যা, শোকে বাবার মৃত্যু
ছবি: আমার দেশ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় কিস্তির টাকা না দিতে পারায় বিষপানে লিটন কাজী (৩২) নামে একজন আত্মহত্যা করেছেন। শোকে বৃদ্ধ বাবা মান্নান কাজী (৬০) মারা গেছেন। ঘটনাটি ঘটেছে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে।

গতকাল ১৭ আগস্ট রাত ১০টায় একসঙ্গে বাবা-ছেলের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লিটন কাজী ব্যুরো বাংলাদেশ, কারসা, ব্র্যাকসহ বিভিন্ন এনজিও থেকে লোন উত্তোলন করেন।

রোববার কিস্তির টাকা পরিশোধ করতে চাপ দেওয়া হলে এক এনজিও কর্মীর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এরপর অপমানে বিষপান করেন। পরে পরিবারের লোকজন তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে, পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মারা যান।

পরদিন সোমবার মুকসুদপুর থানা থেকে আইনি প্রক্রিয়া শেষে লিটন কাজীর লাশ বাড়িতে আনলে বাবা মান্নান কাজী ছেলের লাশ দেখে শোক সইতে না পেরে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। একই সঙ্গে বাবা-ছেলের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

গ্রাম পুলিশ বাচ্চু শেখ জানান, লিটন কাজী কয়েকটি এনজিও থেকে লোন নিয়েছেন, এ কারণে হতাশায় এ কাজ করেছেন।

বিষয়টি মহারাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদ হোসেন নিশ্চিত করেছেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি আমাদের জানানো হলে আমরা তার লাশ সুরতহাল রিপোর্ট করার জন্য ফরিদপুর মর্গে যাওয়ার জন্য বলি। সেখান থেকে সুরতহাল শেষে স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে যান।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন