কচুর পাতা কাটাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

কচুর পাতা কাটাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফেনীর ছাগলনাইয়ায় কচুর পাতা কাটাকে কেন্দ্র করে সালেহ আহমদ (৭৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামের বক্কর ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতের স্বজনদের ভাষ্য, আসরের নামাজ পড়ে বাড়ির পেছনে জঙ্গল পরিষ্কার করছিলেন সালেহ আহমদ। এ সময় ভুলবশত একই বাড়ির দুলালের কচুগাছের দুটি পাতা কাটা পড়ে। এ নিয়ে দুলালের সঙ্গে তার তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে দুলাল বালতি দিয়ে সালেহ আহমদকে পিটিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত সালেহ আহমদ ওই বাড়ির মৃত মৌলভী আলী আহমদের পুত্র।

নিহতের স্বজন রিপন জানান, জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বক্কর ড্রাইভারের ছেলে দুলালের সঙ্গে সালেহ আহমদের বিরোধ চলছিল। এরই মধ্যে কচুর পাতা কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। রাতে পুলিশ লাশ উদ্ধার করে ছাগলনাইয়া থানায় নিয়ে যায়।

রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে। এদিকে বাবার মৃত্যুর খবর পেয়ে নিহতের সৌদি প্রবাসী ছেলে ওমর ফারুক দেশে ফিরছেন। তিনি দেশে ফেরার পর এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। ছাগলনাইয়া থানার ডিউটি অফিসার এএসআই আলতাফ হোসেন জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযুক্ত দুলালের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন