বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে আগামীতে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া হবে। উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানে বিদ্যমান আইনি বাধ্যবাধকতা দূর করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে বলেও জানান তিনি।
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে নরসিংদীর পলাশে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
মঈন খান বলেন, বিশ্বে হরমুজ প্রণালী নিয়ে কিছু বৈশ্বিক সমস্যা রয়েছে। সেই সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ চলছে। আশা করা যায় দ্রুতই সেই সমস্যা সমাধান হয়ে যাবে।
তিনি বলেন, বিগত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের দুঃশাসন ও ভোটারবিহীন নির্বাচনের যুগের অবসান ঘটেছে। সরকারের নির্বাচন নিয়ে তিনি বলেন, ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। মৃত ব্যক্তিদের ভোট দেওয়া এবং রাতের ভোটের সংস্কৃতি চালু করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও ছাত্র-জনতা রুখে দাঁড়িয়েছিল এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পলাশের চারজন বীর তাজা প্রাণসহ হাজারো শহীদের রক্তের বিনিময়ে আজ জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত অবাধ নির্বাচনের মাধ্যমে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।
মন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ সালের পর ধ্বংসপ্রাপ্ত দেশকে যেভাবে পুনর্গঠন করেছিলেন, ঠিক একইভাবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধ্বংস হয়ে যাওয়া অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামো পুনরুদ্ধার করা হচ্ছে। বিএনপি কখনো জোর করে ক্ষমতা দখল করেনি বরং গণতন্ত্রে বিশ্বাস করে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকেছে। পলাশের স্থানীয় শিল্পকারখানাগুলো দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে উল্লেখ করে তিনি ঘোষণা দেন যে, অচিরেই পলাশের ধুঁকতে থাকা কলকারখানা সচল করতে এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা পরিষদ, সিটি করপোরেশন ও উপজেলা পরিষদ পর্যন্ত প্রতিটি স্থানীয় সরকার সংস্থাকে শক্তিশালী করতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

