পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে সার মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীর দোকান ও গোডাউন থেকে ৩২০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান ও উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকারের নেতৃত্বে কার্তিকপাড়া বাজারে যৌথ অভিযান চালানো হয়।

অভিযানকালে বালাইনাশক বিক্রেতা মো. সাইদুল রহমানের দোকান ও গোডাউনে তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে মজুত রাখা টিএসপি, ডিএপি ও ইউরিয়াসহ বিভিন্ন ধরনের সার পাওয়া যায়। পরে মোট ৩২০ বস্তা সার জব্দ করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের খবর পেয়ে ব্যবসায়ী সাইদুল রহমান (৩৮) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি রাজশিয়ার দুর্গাপুর থানার আড়ইল পূর্বপাড়া গ্রামের মৃত ফছির উদ্দীনের ছেলে।

জব্দ করা সার বর্তমানে পুঠিয়া উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে। অবৈধভাবে সার মজুতের অভিযোগে সাইদুল রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, সার মজুত ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিতভাবে বিভিন্ন বাজারে নজরদারি চালানো হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে অবৈধভাবে সার মজুত ও বিক্রির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষকদের জন্য বরাদ্দ সার যাতে নির্ধারিত ব্যবস্থাপনার বাইরে মজুত বা কৃত্রিম সংকট তৈরিতে ব্যবহার না হয়, সে বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে। বাজারে সারের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন