চট্টগ্রামের বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। তবে পুলিশের তল্লাশি চৌকি দেখে গাড়ি রেখে কৌশলে পালিয়ে গেছেন চালক। রোববার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-বাঁশখালী প্রধান সড়কে দক্ষিণ জলদী এলাকার মহাজনঘাটায় ‘সজল স্যানিটারি হোম সার্ভিস’-এর সামনে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী ‘ঢাকা মেট্রো-অ-১৪-০৫৫২’ নম্বরের একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হলে চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত গাড়ি রেখে পালিয়ে যান। পরবর্তীতে কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের পেছন থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।
বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক জানান, মাদক পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঁশখালী থানায় মামলা রুজু করা হয়েছে এবং পলাতক চালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

