মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক

অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে মালয়েশিয়াজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে ৫২৮ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। গত ২৫ থেকে ২৭ আগস্ট পর্যন্ত একযোগে ‘অপস সারসার’ নামে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

জেআইএম জানিয়েছে, সাধারণ মানুষের অভিযোগ, বিভিন্ন তথ্য এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে দেশজুড়ে অভিযানটি পরিচালনা করা হয়। তিন দিনের অভিযানে মোট ৬৭৮ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ ও যাচাই করা হয়। এর মধ্যে অভিবাসন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ৫২৮ জনকে আটক করা হয়েছে।

পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকেও দুটি পৃথক স্থানে অভিযান চালানো হয়। এর একটি ছিল সেতাপাকের জালান ওয়াংসামাস এলাকার একটি নির্মাণস্থল এবং অন্যটি দাতো কেরামাতের একটি ব্যবসাপ্রতিষ্ঠান।

এ দুই স্থানে মোট ৮৩ জন বিদেশিকে যাচাই করা হয়। তাদের মধ্যে ৭৩ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধের অভিযোগে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৩৭ জন ইন্দোনেশিয়ার, ৩০ জন বাংলাদেশের, দুজন নেপালের নাগরিক। এ ছাড়া টোগো, বুরকিনা ফাসো, মিয়ানমার ও ভারতের একজন করে নাগরিকও রয়েছেন।

জেআইএম বলেছে, অভিযানের সময় আটক হওয়া অধিকাংশ বিদেশিই কর্মরত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরিচয়পত্র বা বৈধ অভিবাসন নথি না থাকা, অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান এবং বৈধ অনুমতি ছাড়া কাজ করার মতো অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে দেশটির অভিবাসন আইনের সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেআইএম।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন