আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বইমেলায় অব্যবস্থাপনা ও চুক্তিভঙ্গের অভিযোগ প্রকাশক ঐক্যের

স্টাফ রিপোর্টার

বইমেলায় অব্যবস্থাপনা ও চুক্তিভঙ্গের অভিযোগ প্রকাশক ঐক্যের

অমর একুশে বইমেলা ২০২৬ -এ অব্যবস্থাপনা, নিরাপত্তা ঝুঁকি ও চুক্তিভঙ্গের অভিযোগ তুলে বাংলা একাডেমির কাছে ব্যাখ্যা ও জরুরি পদক্ষেপ দাবি করেছে ‘প্রকাশক ঐক্য’।

গতকাল মঙ্গলবার বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে সংগঠনটি এসব অভিযোগ উত্থাপন করে।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, পূর্বসমঝোতা অনুযায়ী এ বছর সব প্যাভিলিয়ন বাতিল করে সর্বোচ্চ ৫ ইউনিটের স্টল বরাদ্দ দেওয়ার কথা ছিল। সেই সিদ্ধান্ত অনুসারে শীর্ষ প্রকাশনীগুলোকে ৫ ইউনিট স্টল দেওয়া হলেও অভিযোগ রয়েছে, অস্বচ্ছ প্রক্রিয়ায় কয়েকটি প্রতিষ্ঠানকে ৬ ইউনিট স্টল বরাদ্দ দেওয়া হয়েছে, যা চুক্তিভঙ্গের শামিল। এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করেছে প্রকাশক ঐক্য।

এ ছাড়া মেলার অবকাঠামোগত দুর্বলতা, ধুলাবালি ও মশার উপদ্রব নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়েছে। অভিযোগে বলা হয়, স্টলের মাঝের রাস্তা অসমান, গর্ত ও মাটির ঢিবি থাকায় চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। নিয়মিত পানি ছিটানো না হওয়ায় ধুলাবালির কারণে দর্শনার্থী ও প্রকাশকদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, মেলা প্রাঙ্গণে অবৈধ মাদক বিক্রি ও সেবনের ঘটনা ঘটছে বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ রয়েছে। পাশাপাশি হকারদের অবাধ বিচরণ এবং রাতের বেলায় বহিরাগতদের প্রবেশে কোটি টাকার বই ও সম্পদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।

প্রকাশক ঐক্য জানায়, তারা মেলা কর্তৃপক্ষের প্রতিপক্ষ নয়; বরং একটি সুশৃঙ্খল, নিরাপদ ও সফল বইমেলা চায়। আগামী ৫ মার্চের মধ্যে উল্লিখিত সমস্যাগুলোর দ্রুত সমাধান এবং ৬ ইউনিট স্টল বরাদ্দের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশক ঐক্যের পক্ষ থেকে ১৫ জন প্রকাশক স্বাক্ষর করে বাংলা একাডেমি মহাপরিচালক বরাবর চিঠিটি লিখেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন