শুক্রবার থেকে বাড়তে পারে বৃষ্টি

ভাদ্র-আশ্বিনজুড়ে থাকবে গরমের দাপট

ভাদ্র-আশ্বিনজুড়ে থাকবে গরমের দাপট
দক্ষিণ ইউরোপজুড়ে বাড়ছে গরমের তীব্রতা

আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাত কমে তাপমাত্রা বাড়তে পারে। পাশাপাশি বাড়বে ভ্যাপসা গরম। এরপর শুক্রবার থেকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির আধিক্য থাকবে। এছাড়া সেপ্টেম্বরের শুরুতে সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা থাকায় বৃষ্টির প্রবণতা আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আমার দেশকে এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, বাংলাদেশের ওপর থেকে লঘুচাপের প্রভাব কেটে যাওয়ায় সমুদ্র ও নৌবন্দরের সতর্কবার্তা নামিয়ে ফেলতে বলা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির প্রবণতা কম থাকবে। এতে তাপমাত্রা বেড়ে সারা দেশে ভ্যাপসা গরমের মাত্রা বাড়তে পারে। তবে মৌসুমি বায়ুর সক্রিয়তায় আগামী শুক্রবার থেকে দুই-তিন দিন সারা দেশে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।

এছাড়া সেপ্টেম্বরের শুরুতে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা থাকায় আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে বৃষ্টি। এবার ভাদ্র-আশ্বিন মাসজুড়ে ভ্যাপসা গরমের দাপট থাকতে পারে বলেও জানান তিনি।

এছাড়া মঙ্গলবার সারা দেশে বৃষ্টি কম থাকায় আগের দিনের তুলনায় তাপমাত্রা বেড়েছে। গতকাল ফেনীতে সর্বোচ্চ ৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এদিন রাজধানীতে ১ মিলিমিটার বৃষ্টি হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও তা পরিমাণে খুবই কম ছিল।

আবহাওয়া দপ্তর বলছে, লঘুচাপের তেমন প্রভাব না থাকলেও মৌসুমি বায়ুর প্রভাবে আগামী শুক্রবার থেকে দুই-তিন দিন সারা দেশে বৃষ্টি কিছুটা বাড়লেও আগের মতো ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

এদিকে, আগের দুই-তিন দিনের তুলনায় গতকাল সারা দেশের তাপমাত্রা কিছুটা বেড়ে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা আগের দিন নীলফামারীর সৈয়দপুরে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। মঙ্গলবার রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি, যা আগের দিন ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানায়, আজ বুধবার রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি বর্ষণ হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন