উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের দ্বিবার্ষিক নির্বাচন। এতে সভাপতি হয়েছেন সংগঠনটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম সওদাগর, সাধারণ সম্পাদক হয়েছেন কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আমিনুল ইসলাম মুকুল।
শনিবার মধ্যরাত সাড়ে ৩টার দিকে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
এ সংগঠনের নির্বাহী কমিটির ২১টি পদের মধ্যে ১৯টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ১ হাজার ২২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটাররা সম্মিলিতভাবে মোট ২৩ হাজার ২৭৫টি ভোট প্রদান করেছেন।
এর আগে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণে বিরতি ছিল।
ফলাফলে ১৯টি পদে বিজয়ীরা হলেন: সভাপতি আবুল হাশেম সওদাগর,
সিনিয়র সহসভাপতি উমর খালেদ রানা, সহসভাপতি আমিনুল হক ও নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, সিনিয়র সহসাধারণ সম্পাদক শেখ ফরহাদ, সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, দপ্তর সম্পাদক শাহ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক শওকত ইসলাম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক রাসেল চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জয়নাল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সমাজকল্যাণ সম্পাদক আহম্মেদ কবির এবং প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন রোকন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন—নুরুল কবির, শফিকুল ইসলাম, আবছার উদ্দিন, মো. ইলিয়াস ও নেছার উদ্দিন।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে মোট ১ হাজার ৩৩০ জন ব্যবসায়ী ভোটাধিকার পেয়েছিলেন। তাদের মধ্যে ১ হাজার ২২৫ জন ভোট প্রদান করেন এবং ১০৫ জন ভোটার অনুপস্থিত ছিলেন। ২১টি পদের বিপরীতে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করার কথা থাকলেও ২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ১৯টি পদের জন্য ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

