বসুন্ধরা কিংসের নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

বসুন্ধরা কিংসের নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

অবশেষে ফিফার নিষেধাজ্ঞার জটিলতা থেকে মুক্তি পেল বাংলাদেশের ফুটবলের অন্যতম সফল ক্লাব বসুন্ধরা কিংস। ফলে আসন্ন মৌসুমের দলবদলে এখন থেকে নির্বিঘ্নে অংশ নিতে পারবে ছয়বারের লিগ চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

কিংসের ওপর মোট ১৪টি নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। এর মধ্যে ১১টির সমাধান আগেই হয়েছিল। বাকি তিনটি নিষেধাজ্ঞাও শুক্রবার রাতে তুলে নেওয়া হয়েছে। ফিফার ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এদিকে নতুন মৌসুম সামনে রেখে ক্লাবগুলোর জন্য দল গঠন ও নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ক্লাব লাইসেন্সিংয়ের সময় ১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে খেলোয়াড় নিবন্ধন ও দলবদলের শেষ সময় ৩ সেপ্টেম্বর।

ফলে ক্লাব লাইসেন্সিং থেকে শুরু করে খেলোয়াড় নিবন্ধন দুই ক্ষেত্রেই এখন আর কোনো আইনি বাধার মুখে পড়তে হবে না বসুন্ধরা কিংসকে। পাঁচবার ফেডারেশন কাপ জয়ী ক্লাবটির সামনে নতুন মৌসুমের জন্য পূর্ণ শক্তিতে দল গড়ার সুযোগ তৈরি হয়েছে।

এর আগে ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদলে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে আবাহনী লিমিটেডও। দলটি নাইজেরিয়ার হয়ে ২০১৪ বিশ্বকাপ খেলা এক ফুটবলারসহ চার বিদেশি খেলোয়াড়কে দলে নিয়েছে। পাশাপাশি শেখ মোরছালিন, আল আমিন ও মিরাজুল ইসলামদেরও ধরে রেখেছে তারা। সব মিলিয়ে নতুন মৌসুমে শক্তিশালী দল গড়েছে ধানমন্ডির ক্লাবটি।

মোহামেডান স্পোর্টিং ক্লাবও এবার দল গোছানোর ক্ষেত্রে বেশ সক্রিয়। ফলে নতুন মৌসুমে শীর্ষ দলগুলোর লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে এখনো পুরোপুরি নিষেধাজ্ঞামুক্ত হতে পারেনি গত মৌসুমে অবনমিত হওয়া ফকিরেরপুল ইয়াং মেনস ক্লাব। তাদের একটি ফিফা নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।

১ সেপ্টেম্বরের মধ্যে ফকিরেরপুলও যদি নিজেদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থা করতে পারে, তাহলে ২০২৬-২৭ মৌসুমে ১৩ দল নিয়ে লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন