আল নাসরকে জিতিয়ে হাজার গোলের আরও কাছে রোনালদো

আল নাসরকে জিতিয়ে হাজার গোলের আরও কাছে রোনালদো

ক্যারিয়ারের প্রায় সব ব্যক্তিগত অর্জনই নিজের করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগিজ মহাতারকার সামনে এখন সবচেয়ে বড় ব্যক্তিগত লক্ষ্য হলো পেশাদার ফুটবলে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়া। সেই লক্ষ্যের আরও কাছে চলে এসেছেন তিনি। সৌদি প্রো লিগে শুক্রবার রাতে আল তাউনের বিপক্ষে আল নাসরের ২-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রোনালদো। দলের জয়সূচক গোলটি এসেছে তার পা থেকেই।

বিজ্ঞাপন

এই গোলের মাধ্যমে পেশাদার ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৮-এ। অর্থাৎ ইতিহাসের অনন্য মাইলফলক ১ হাজার গোল থেকে আর মাত্র ২২ গোল দূরে ৪১ বছর বয়সী এই তারকা।

নিজেদের মাঠে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে আল নাসর। কিন্তু আক্রমণে আধিপত্য থাকলেও প্রথমে গোল হজম করতে হয় তাদের। ম্যাচের ১১ মিনিটে আল তাউনের বাসাম মোহাম্মদ আলহুরাইজি গোল করে সফরকারীদের এগিয়ে দেন।

গোল খেয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আল নাসর। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে সমতায় ফেরে তারা। সামু কস্তার গোলে ১-১ সমতায় বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

বিরতির পর মাঠে ফিরেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আল নাসর। দ্বিতীয়ার্ধের মাত্র পাঁচ মিনিটের মাথায় সেই অপেক্ষার অবসান ঘটান রোনালদো। সতীর্থ মোহামেদ সিমাকানের নেওয়া শট ছিল গোলমুখী। কাছ থেকে পা ছুঁইয়ে সেটিকে জালে পাঠিয়ে দেন রোনালদো। তার গোলেই শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে আল নাসর।

চলতি সৌদি প্রো লিগে এটি রোনালদোর তৃতীয় ম্যাচে দ্বিতীয় গোল। আর চার ম্যাচে চার জয় নিয়ে লিগের পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান আরও শক্ত করেছে আল নাসর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন