ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশ নিতে আজারবাইজানে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। গত বুধবার বাংলাদেশ সময় রাত ১১টায় দেশটির রাজধানী বাকুতে পৌঁছায় বাংলাদেশের কিশোররা। বাকুর অ্যাথলেটস ভিলেজে অবস্থান করছে তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, দলের সব খেলোয়াড় ও কর্মকর্তারা সুস্থ আছেন। গতকাল সেখানে প্রথমবার অনুশীলনও করেছে বাংলাদেশ দল। গোলরক্ষক কোচ আরিফুজ্জামান হিমেল বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় জানান, ‘তাদের যে ফিফা ওয়ার্ল্ড কাপ অনূর্ধ্ব-১৫-এর যে আয়োজন, তা খুবই চমৎকার। সবকিছু অনেক ভালো ডিসিপ্লিনের মধ্যে হচ্ছে। ২৪ অক্টোবর আমাদের প্রথম ম্যাচ। এই ম্যাচের দিকেই আমাদের ফোকাস। আমাদের টার্গেট গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া।’
গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েলস, পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। ২৪ অক্টোবর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২৫ ও ২৬ অক্টোবর এক দিনে দুটি করে ম্যাচ রয়েছে তাদের। ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই বয়সভিত্তিক বিশ্বকাপ আসরে অংশ নিচ্ছে ১৯১টি দেশ। এই বিশেষ প্রতিযোগিতায় ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে হবে ম্যাচ। প্রতিটি দলে থাকবেন আটজন করে খেলোয়াড়। ২০ মিনিট করে দুই অর্ধে ৪০ মিনিটের খেলা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

