মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাছিম বিল্লাহ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মর্জিনা, ফালানী, মিজান খান, রুস্তম খান, সবুজ আহমেদ, সেলিম মিয়া, আনিস ও রফিক।
মামলার সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৭ অক্টোবর রাতে সাটুরিয়ার রাইল্যা গ্রামের আব্দুল মজিদ হিরন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ধলেশ্বরী নদীর পশ্চিম পাড়ের একটি মেহগনি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। এজাহারে হিরনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পিপি বুলবুল আহমেদ গোলাপ জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ৮ আসামিকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন। এ মামলায় অন্য ৭ আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ ছাড়া মামলা চলাকালে আরো ২ আসামি মারা গেছেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

