আওয়ামী দুঃশাসনের বিভিন্ন তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে তৎকালীন সময়ে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত নিবন্ধসমূহ সংকলন করে প্রকাশিত হয়েছে ‘ফিরে দেখা সেই সময়’ শীর্ষক গ্রন্থ।
মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডস্থ সিরডাপ কনফারেন্স সেন্টারে বইটির মোড়ক উন্মোচন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, অতীতের ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নিয়ে দেশকে এগিয়ে নিতে হলে সত্যনিষ্ঠ ইতিহাস জানা জরুরি। এ ধরনের সংকলন নতুন প্রজন্মকে বাস্তবতা অনুধাবনে সহায়তা করবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন গ্রন্থটির লেখক ও ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতা ও জনগণের অভিজ্ঞতা তুলে ধরতেই এই সংকলন প্রকাশ করা হয়েছে।
এছাড়া বক্তব্য রাখেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, অধ্যাপক আবু মোহাম্মদ রইস, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন এবং ডিবেট ফর ডেমোক্রেসির পরিচালক ড. এস এম মোর্শেদ প্রমুখ।
অনুষ্ঠানটি সুধীজনের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে এবং বইটি পাঠকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

