ভারতে ব্রিকস সম্মেলন আগামীকাল

ভারতে ব্রিকস সম্মেলন আগামীকাল

উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসের বহুল প্রতীক্ষিত শীর্ষ সম্মেলন আগামীকাল শনিবার ১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সম্মেলন ঘিরে শহরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে পুরোদমে।

বিশ্বনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির গুরুত্বপূর্ণ এলাকা ও ভিভিআইপি রুটগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী উচ্চপ্রযুক্তির একটি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করেছে। সেখান থেকে বিশ্বনেতাদের মোটরকেডের চলাচল এবং রাজধানীর সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

সম্মেলনে অংশ নিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরাও সম্মেলনে অংশ নিচ্ছেন।

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সামরিক সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে এবারের ব্রিকস সম্মেলন বিশেষ গুরুত্ব পাচ্ছে। সম্মেলনে সদস্য দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে।

এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতিও শীর্ষ সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য হয়ে উঠতে পারে।

বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে ব্রিকসের প্রভাব ক্রমেই বাড়ছে। এ অবস্থায় এবারের সম্মেলনে সদস্য দেশগুলোর সম্ভাব্য নতুন উদ্যোগ ও সিদ্ধান্তের দিকে বিশেষ নজর রাখছে আন্তর্জাতিক মহল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন