বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান

বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, জনগণের বিপুল সমর্থনে জামায়াতে ইসলামী সংসদে এবং রাজপথে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক দল হিসেবে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থা অবলম্বন করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার রয়েছে। দেশ ও জাতির স্বার্থের পরিপন্থী কোনো কাজে জামায়াতে ইসলামী আপস করেনি, করবে না। জামায়াতে ইসলামী সংসদের বিরোধী দল হিসেবে জনগণের দাবি পূরণে সংসদে চেষ্টা চালাচ্ছে। কিন্তু সরকার জনগণের দাবি উপেক্ষা করলে রাজপথে আন্দোলনের মাধ্যমে জনগণের সেই দাবি আদায় করা হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ একদিন জামায়াতে ইসলামীর নেতৃত্বে পরিচালিত হবে উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামীর প্রতি জনগণের সমর্থনে ঈর্ষান্বিত হয়ে অতীতের মতো অনেকেই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। তবে তাদের কোনো ষড়যন্ত্র আর চক্রান্তে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থেমে যাবে না।

বুধবার দিনব্যাপী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জনগণের সঙ্গে ভিত্তি মজবুতের মাধ্যমে জামায়াতে ইসলামী তৃণমূলকে শক্তিশালী করে তুলছে। তৃণমূল হচ্ছে একটি আদর্শ সংগঠনের ভিত্তি। যাদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে, তাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারে না, পারবে না। তিনি উপস্থিত ওয়ার্ড সভাপতি-সেক্রেটারিদের উদ্দেশ্যে বলেন, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা টু চট্টগ্রাম লংমার্চ সফল করতে দেশবাসীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এজন্য অতীতের মতো ভূমিকা রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, অন্যদের মতো জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অস্ত্রের লড়াই করে না, করবে না। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের জ্ঞানের লড়াই অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, কিছু মানুষ আছে যারা কোনো কিছু না বুঝেই নেতার পেছনে দৌড়ায়। নেতার কথায় অন্যায় কাজে লিপ্ত হয়। তাদের জ্ঞানের পরিধি সীমিত। জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে হবে। বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তৃণমূল থেকে নিজেদের নেতৃত্ব তৈরি করতে হবে। যেটি জামায়াতে ইসলামী করে আসছে।

তরুণ যুবসমাজ প্রসঙ্গে তিনি বলেন, নতুন প্রজন্ম যাতে ইসলামমুখী হতে না পারে, এজন্য ইসলামবিদ্বেষীদের ষড়যন্ত্র চলছে। তবে আমাদের যুবসমাজ ইসলাম ও দেশপ্রেমিক। তাদেরকে ইসলামী চেতনায় পরিপূর্ণভাবে উজ্জীবিত করতে হবে। তিনি আরও বলেন, ইউটিউবে একজনের ছবি বা বক্তব্য দেখাচ্ছে, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে ১৮ কোটি মানুষের মধ্যে কতজনে আপনার সেই ছবি বা বক্তব্য দেখতেছে। অথচ এই ইউটিউব রাতের আঁধারে এদেশে লাখ লাখ যুবসমাজকে অন্যায়ের সঙ্গে লিপ্ত করছে। চীন এটি বুঝতে পেরে সেখানে ইউটিউব, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে। আমাদের যুবসমাজকে রক্ষা করতে হলে তাদেরকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে। এজন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বে যুবসমাজকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।

অনুষ্ঠিত শিক্ষাশিবিরে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান এবং মহানগরীর অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসানের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরের শুরুতে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে শেখ শরিফ উদ্দিন আহমদ, সৈয়দ সিরাজুল হক ও মো. শহিদুল ইসলাম, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, সহকারী অফিস সেক্রেটারি মো. মুজিবুর রহমান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন