ইফার হালাল সনদ শাখার কর্মকর্তা আবু ছালেহকে স্ট্যান্ড রিলিজ

ইফার হালাল সনদ শাখার কর্মকর্তা আবু ছালেহকে স্ট্যান্ড রিলিজ
ছবি: সংগৃহীত।

ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ শাখার উপপরিচালক (চলতি দায়িত্ব) ড. মো. আবু ছালেহ পাটোয়ারীকে তাৎক্ষণিকভাবে (স্ট্যান্ড রিলিজ) নরসিংদী জেলা কার্যালয়ে উপপরিচালক (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে। রোববার প্রতিষ্ঠানটির সচিব শেখ মুর্শিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির কথা জানানো হয়।

সম্প্রতি হালাল সনদ প্রদান প্রক্রিয়ায় অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায় ও ঘুষ গ্রহণের অভিযোগ ওঠার পর এ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির সিনিয়র একজন কর্মকর্তা জানিয়েছেন।

বিজ্ঞাপন

সূত্র জানায়, সম্প্রতি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত ‘Halal for Export Diversification’ শীর্ষক কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় রপ্তানিকারক ও খাদ্যপ্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা হালাল সনদ গ্রহণে অতিরিক্ত অর্থ আদায়, ঘুষ, হয়রানি এবং অপ্রয়োজনীয় শর্ত আরোপের অভিযোগ উত্থাপন করেন। এ অভিযোগের পর ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক সিনিয়র পেশ ইমাম মুফতি মহিবুল্লাহ হিল বাকি বিষয়টি প্রাথমিকভাবে পর্যালোচনা করেন। পরে অভিযুক্ত কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করে নরসিংদী জেলা কার্যালয়ে সংযুক্ত করা হয়।

পাশাপাশি অভিযোগ তদন্তে একটি কমিটি গঠনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও ওই সূত্র আভাস দিয়েছে।

স্ট্যান্ড রিলিজের বিষয়ে অফিস আদেশে বলা হয়, ওই কর্মকর্তা আগামী ৩০ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের সব দেনা-পাওনা পরিশোখ অথবা সমন্বয়পূর্বক অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন; অন্যথায় ওই তারিখ বিকালে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষনিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গন্য হবেন।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগের ১৬ অক্টোবর ২০২৫ তারিখে জারি করা অফিস আদেশের উপপরিচালকের চলতি দায়িত্ব বাতিল করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন