‘জুলাই অভ্যুত্থান উদযাপন অনুষ্ঠান’ সাইমুম শিল্পী গোষ্ঠীর গাওয়া দেশপ্রেমের গান ‘এই দেশ আমার বাংলাদেশ’ পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ।
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মঙ্গলবার হাজারো মানুষ, ছাত্র, সাংস্কৃতিক কর্মী ও শহীদদের স্বজনদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশে শুরু হয় এ আয়োজন। গানের প্রতিটি শব্দ যেন গর্জে ওঠে—একটি নতুন ইতিহাসের সূচনায়, যেখানে অতীতের ত্যাগ আর বর্তমানের প্রত্যয় মিলেমিশে একাকার হয়ে যায়।
অনুষ্ঠানে রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা, ‘জুলাই ঘোষণা পত্র’ পাঠ, শহীদ স্মরণ, ‘ফ্যাসিস্ট পলায়ন উদযাপন’ এবং বিশেষ ড্রোন ড্রামা ‘Do You Miss Me?’—যা তুলে ধরবে অভ্যুত্থানের আগুনঝরা মুহূর্তগুলো।
গত বছরের এই দিনে (৫ আগস্ট ২০২৪, বা ৩৬ জুলাই), শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচার গুলি চালিয়ে প্রায় ২ হাজার মানুষ হত্যা ও ২০ হাজারের বেশি আহত করার পর দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর পরপরই তার বাসভবন গণভবনকে প্রতীকী প্রতিরোধের কেন্দ্র হিসেবে ঘিরে রাখে জনতা, যা পরবর্তীতে রূপ নেয় অভ্যুত্থানে।
এবারের মঞ্চটিও তৈরি করা হয়েছে গণভবনের গেটের আদলে। লাল রঙে রাঙানো সেই মঞ্চ এখন প্রতীক হয়ে দাঁড়িয়েছে একটি নতুন বাংলাদেশের প্রত্যয়ের।
এই অনুষ্ঠান কেবল একটি স্মরণ নয় -এটি এক প্রজন্মের সাহসিকতার, ত্যাগের এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ঘোষণাপত্র।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

