আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) পালিত হবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকলেও দিনটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাধারণ ছুটি নয়। ফলে ২৩ সেপ্টেম্বর কারা ছুটি পাবেন, আর কারা নিয়মিত কর্মদিবসে দায়িত্ব পালন করবেন—এ নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে।
ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির ধরন
সরকারি ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহম মুসলিম পর্বের একটি ঐচ্ছিক ছুটি হিসেবে অন্তর্ভুক্ত। তবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত শিক্ষাপঞ্জি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দিনটি ছুটির দিন হিসেবে রাখা হয়েছে।
ছুটি পাবেন যারা
২৩ সেপ্টেম্বর দেশের স্কুল, কলেজ ও মাদরাসাগুলোতে পাঠদান ও অন্যান্য শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা ছুটির আওতায় থাকবেন।
এ ছাড়া ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটির দিন পরিবর্তন করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর অধীন ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) বোর্ড, ময়মনসিংহ। সিদ্ধান্ত অনুযায়ী দেশের পিটিআইগুলোতে আগে নির্ধারিত ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর ছুটি পালন করা হবে।
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কী হবে
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৩ সেপ্টেম্বর সাধারণ ছুটি হিসেবে প্রযোজ্য নয়। অর্থাৎ তাদের জন্য দিনটি স্বাভাবিক কর্মদিবস।
তবে সরকারি চাকরিজীবীদের কেউ চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ফাতেহা-ই-ইয়াজদাহমের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।
অন্যদিকে ব্যাংক, বীমা, করপোরেট প্রতিষ্ঠানসহ বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সাধারণভাবে স্বাভাবিক কার্যক্রম চলবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


