আইইবি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

আইইবি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২০২৮ সেশনের নির্বাচনে ভোট জালিয়াতি, অনিয়ম, পক্ষপাতদুষ্টভাবে ভোট গ্রহণ এবং প্রার্থীদের ওপর হামলার অভিযোগ তুলেছে ONE IEB প্যানেল। এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্যানেলটি। একই সঙ্গে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যানের কথাও জানিয়েছে তারা।

শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে ONE IEB প্যানেল। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন প্যানেলটির ঢাকা সেন্টারের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী আতিকুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, দীর্ঘদিন পর অনুষ্ঠিত আইইবির ২০২৭-২০২৮ সেশনের নির্বাচনে বিপুলসংখ্যক প্রকৌশলী, বিশেষ করে নবীন প্রকৌশলীদের অংশগ্রহণ ছিল আশাব্যঞ্জক। তবে নির্বাচন কমিশন ও সরকারদল-সমর্থিত প্যানেলের যোগসাজশে নির্বাচন প্রভাবিত হয়েছে বলে তাদের অভিযোগ।

নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে আতিকুর রহমান বলেন, প্রার্থীদের পক্ষ থেকে পোলিং এজেন্ট নিয়োগের আবেদন গ্রহণ করা হলেও তাদের সঙ্গে আলোচনা ছাড়াই ভোটের দুই দিন আগে এজেন্ট না রাখার সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। তাদের দাবি, এ সিদ্ধান্ত নির্বাচনী তফসিলের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের আগের রাতে সরকারদল-সমর্থিত প্যানেলের পক্ষে ভোট দিতে সরকারি চাকরিজীবীদের বার্তা দেওয়া হয়। ভোট দেওয়ার পর ব্যালটের ছবি তুলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পাঠানোর নির্দেশনাসংবলিত হোয়াটসঅ্যাপ বার্তাও ছড়িয়ে পড়ে।

আতিকুর রহমানের দাবি, নির্বাচনের দিন সকাল থেকেই হলুদ প্যানেলের প্রার্থীরা মারমুখী আচরণ করেন। দুপুরের পর জাল ভোট দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় ব্যালটের হিসাব যাচাই করতে গেলে কম্পিউটার ডিভিশনের সেক্রেটারি পদপ্রার্থী ইমরুল কায়েস পরাগ, ঢাকা সেন্টারের কাউন্সিল সদস্য পদপ্রার্থী ইসমাইলসহ কয়েকজনের ওপর হামলা চালানো হয়।

তিনি বলেন, বিকেল ৩টার দিকে আইইবি ভবনের ষষ্ঠ তলায় জাল ভোট দেওয়ার খবর পেয়ে কয়েকজন প্রার্থী সেখানে যান। তারা চার হাজারের বেশি ব্যালটের একটি বান্ডিল দেখতে পান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করেন। পরে নির্বাচন কমিশনের এক সদস্য হলুদ প্যানেলের প্রার্থীদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অন্যের পরিচয়পত্র ব্যবহার করে ভোট দিতে গিয়ে কয়েকজন ধরা পড়েন। একই ব্যক্তি একাধিক পরিচয়পত্র সংগ্রহ করেন এবং প্রকৌশলী নন—এমন ব্যক্তিকেও জাল ভোট দেওয়ার জন্য পাঠানো হয়। তবে এসব ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করে প্যানেলটি।

ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন আতিকুর রহমান। তার অভিযোগ, সরকারি প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে হলুদ প্যানেলের প্রার্থীদের সংশ্লিষ্টতা থাকায় ভোট গ্রহণের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে।

এছাড়া একই টোকেন একাধিকবার ব্যবহার করে ভোট দেওয়া, ইয়ং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের ব্যালট পেতে বিলম্ব, টোকেন পাওয়ার পরও ব্যালট না পেয়ে অনেক ভোটারের ফিরে যাওয়া, নির্বাচন কমিশনের কক্ষে হলুদ প্যানেলের লোকজনের অবাধ যাতায়াত এবং ব্যালট ইস্যুর যথাযথ হিসাব না রাখার অভিযোগও তোলা হয়।

প্যানেলটির অভিযোগ, জাল ভোট প্রতিরোধের চেষ্টা করায় স্কাউট সদস্যদের ওপর হামলা, সাংবাদিকদের ওপর আক্রমণ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। ভোটের স্লিপ ও ব্যালট মিলিয়ে দেখতে দেওয়া হয়নি বলেও দাবি করেন তারা। এ ছাড়া ভোট গণনার আগে ও পরে প্রভাব বিস্তারের মাধ্যমে ফলাফল হলুদ প্যানেলের পক্ষে নেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে নির্বাচনের অনিয়মের অভিযোগসংক্রান্ত তথ্য-উপাত্ত ও ভিডিও ফুটেজ উপস্থাপন করেন ঢাকা সেন্টারের সম্মানী সেক্রেটারি পদপ্রার্থী প্রকৌশলী মাহমুদুর রহমান। তিনি প্রায় ৩০টি অনিয়মের প্রমাণ তুলে ধরেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

প্যানেলটির হেডকোয়ার্টারের সম্মানী সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও এলজিইডির সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রকৌশলী মো. নুরুল হুদা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সংবাদ সম্মেলন করে তারা নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন। নির্বাচন কমিশন তাদের অভিযোগের বিষয়ে যথাযথ পদক্ষেপ না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে প্রকৌশলীদের সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ONE IEB প্যানেলের বিভিন্ন পদপ্রার্থী, কেন্দ্রীয় ও স্থানীয় কাউন্সিলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...