নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: মোজাম্মেল হক

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: মোজাম্মেল হক

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটেনি বলে স্পষ্ট জানিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম, ওঅ্যান্ডএম) মোহাম্মদ মোজাম্মেল হক। শুক্রবার গণমাধ্যমের সাথে আলাপকালে ঘটনাস্থল পরিদর্শনের কারিগরি পর্যবেক্ষণ তুলে ধরে তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক জানান, ১১ নভেম্বর দিবাগত রাত অর্থাৎ ১২ নভেম্বর রাত ১২টা ১৮ মিনিটে অভিযোগ কেন্দ্রের মোবাইল ফোনে কল করে অগ্নিকাণ্ডের বিষয়টি জানানো হয়। খবর পাওয়ার সাথে সাথেই তারা ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। পরবর্তীতে অফিসের দুজন লাইনম্যান ঘটনাস্থলে গিয়ে মিটার ও তার উদ্ধার করেন।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের কারণ ব্যাখ্যা করতে গিয়ে পল্লি বিদ্যুতের এই কর্মকর্তা বলেন, ‘উদ্ধার করা মিটারের কেবল বাইরের প্লাস্টিক কভারটি পুড়ে গেছে, কিন্তু ভেতরের সার্কিটটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বাইরের আগুনের তাপেই মিটারের প্লাস্টিক কভারটি পুড়েছে। এ ছাড়া গ্রাহক প্রান্তে বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত সার্ভিস ড্রপ কেবলটিও অক্ষত রয়েছে।’

শর্ট সার্কিট না হওয়ার পেছনে আরো কারিগরি যুক্তি তুলে ধরে তিনি জানান, ওই লাইনের ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের কোনো ফিউজ কাটেনি। এমনকি গ্রাহকের মেইন সুইচে থাকা কাট-আউটে প্রায় তিন অ্যাম্পিয়ারের যে ফিউজটি লাগানো ছিল, সেটিও অক্ষত রয়েছে। তিনি বলেন, যদি কোনো শর্ট সার্কিট ঘটত, তবে সেখানে প্রচুর পরিমাণে কারেন্ট প্রবাহিত হতো এবং মেইন সুইচের ফিউজটি কেটে যেত। কিন্তু আমি নিজে এসে দেখেছি ফিউজটি অক্ষত আছে এবং এর ছবিও সংরক্ষণ করেছি।

সব দিক বিবেচনা করে বিদ্যুৎ প্রান্ত থেকে কোনো শর্ট সার্কিট ঘটার সম্ভাবনা নেই উল্লেখ করে মোজাম্মেল হক জানান, অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...