সাজেকে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ

সাজেকে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ

সাম্প্রতিক অস্থিরতায় সাজেকে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও স্থায়ী বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করেছে সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে সাজেকের বিদ্যমান সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে। আগামী ডিসেম্বরে তিন পার্বত্য জেলা সফর করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করবেন কমিটির সদস্যরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞা এ তথ্য জানান।

সাজেকের সমস্যা নিয়ে আলোচনার বিষয়ে আবদুল ওয়াদুদ ভূঁঞা বলেন, ‘সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা নেওয়ার জন্য আমরা মন্ত্রণালয়কে সুপারিশ করেছি। একই সঙ্গে বলেছি, তারা যেন সেখানে কার্যক্রম পরিচালনা করে এবং সমাধানের লক্ষ্যে উদ্যোগ নেয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শ্রমিক ও স্থায়ী বাসিন্দাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবও করা হয়েছে।’

এদিকে সংসদীয় কমিটি আগামী ডিসেম্বর মাসে তিন পার্বত্য জেলা সফর করবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি। এ বিষয়ে কমিটির আরেক সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘সেখানে বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ, হেডম্যানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করা হবে। শান্তি প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের বৃহত্তর স্বার্থ ও দেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয়গুলো বিবেচনায় নিয়েই আলোচনা হবে। কোনো পক্ষকে বাড়তি সুবিধা দেওয়া বা কাউকে বাদ দেওয়ার কোনো চিন্তা আমাদের নেই।’

সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্বত্য অঞ্চলে প্রত্যাগত শরণার্থী ও গুচ্ছগ্রামে বসবাসরত অ-উপজাতীয়দের মধ্যে রেশন কার্ড বিতরণের অনিয়ম দূর করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ নিশ্চিত করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

এ ছাড়া মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরের শূন্য পদ এবং এসব পদ পূরণে মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের জন্য বলা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তরগুলোতে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকলে, তার বিস্তারিত বিবরণ ও গৃহীত পদক্ষেপও আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করেছে কমিটি।

সাজেক ইস্যুতে ক্ষতিগ্রস্তদের বিষয়ে মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিয়েছে, তা আগামী কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে কর্মরত পাড়াকর্মীদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের সম্মানী ভাতা সম্মানজনক হারে বাড়ানোর সুপারিশ করা হয়।

বৈঠকে চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা বাজেটের বিভাজন ও সুষম বণ্টন, খাদ্যশস্য বরাদ্দে অনিয়ম, ব্যয় পরিকল্পনা এবং বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়।

কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞার সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, মোস্তফা কামাল পাশা, দীপেন দেওয়ান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম এবং মাছুম মোস্তফা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন