হামে আরো এক শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১১৪২

স্টাফ রিপোর্টার

হামে আরো এক শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১১৪২

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৬ জন জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩৬ জনের। তাতে সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেল এক হাজার ১৪২ জন।

এ নিয়ে সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর, এছাড়া ৫৬৪ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

বিজ্ঞাপন

মঙ্গলববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৬ জুন সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৮৭ হাজার ৯২৯ জন। এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১০ হাজার ৫২৩ জন। আর এই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ হাজার ৪০৫ জন। হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৮ হাজার ৭৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া শিশু খুলনা বাসিন্দা। একই সময়ে ‘সন্দেহজনক’ আক্রান্তের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে রোগী পাওয়া গেছে ৪০৭ জন। এর মধ্যে ৬৫ জনের নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।

বিভাগওয়ারি মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত হামে সবচেয়ে বেশি ২৯৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিত হামে ৫৭ শিশু এবং ‘সন্দেহজনক হামে’ মৃত্যু হয়েছে ২৩৯ জনের। এরপরেই রয়েছে রাজশাহী বিভাগে নিশ্চিত হামে দুইজনসহ মোট ৮৯ জন, সিলেটে তিনজনসহ ৭০ জন, চট্টগ্রামে ১০ জনসহ ৫৭ জন, বরিশালে ১৯ জনসহ ৫৭ জন, ময়মনসিংহে দুইজনসহ ৫৪ জন, খুলনাতে হামের উপসর্গে ২৬ জন এবং রংপুর বিভাগে হামের উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...