ঢাকার অদূরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঈদুল ফিতর উপলক্ষ্যে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২টি জামাত কারাগারের স্টাফদের জন্য এবং ১টি জামাতে অংশ নেবেন কারাবন্দিরা। আসন্ন ঈদ উপলক্ষে ঢাকাসহ সারা দেশের কারাগার থেকে ২৪ জনকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ।
জানা গেছে, কারাগারে সকাল ৭টা ও ১০টায় কারাগারের স্টাফদের জন্য পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া সকাল ৮টায় কারাগারের মাঠে বন্দিদের জন্য আরেকটি জামাতের আয়োজন করা হয়েছে। প্রতিবারের মতো এবারও ঈদের দিনে কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। ঈদের দ্বিতীয় দিনে বন্দিদের জন্য বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পাশাপাশি ঈদের দিন স্বাভাবিক নিয়মের চেয়ে পাঁচ মিনিট বেশি সময় ধরে ফোনে বন্দিরা স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন। ঈদের দিন স্বজনরা কারাবন্দিদের সঙ্গে দেখা করতে পারলেও ঈদের দ্বিতীয় দিন বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসতে পারবেন। বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৫৭ জন, কাশিমপুরে ৬২ জনসহ ঢাকা বিভাগস্থ অন্যান্য কারাগার মিলে সর্বমোট ১২৫ জন ডিভিশনপ্রাপ্ত বন্দি আটক রয়েছেন।
এ বিষয়ে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ দেশের বিভিন্ন কারাগার থেকে ঈদুল ফিতর উপলক্ষে ২৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে ২২ জন বন্দিকে ৫৭৯ ধারায় সরকারের নিয়ম অনুযায়ী মুক্তি দেওয়া হয়। এ ছাড়া আরও ২ জনকে ভালো কাজের জন্য মুক্তি দেওয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

