বৃহত্তর স্বার্থে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে: ধর্ম উপদেষ্টা

বৃহত্তর স্বার্থে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদের মধ্যে ছোটখাটো কিছু মতপার্থক্য রয়েছে। অতীতে ছিলো, এখনও আছে, আগামীতেও থাকবে। এরপরও বৃহত্তর স্বার্থে মুসলমানদেরকে কোরআন ও সুন্নাহর ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার বিকালে ঢাকার আশুলিয়ায় কাইচাবাড়ী রোডে মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহিদ আল আরিফী, ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান, সৌদি দূতাবাসের ধর্ম বিষয়ক অ্যাটাশে মুবারক বিন আমেক আল আনাযী প্রমুখ।

ধর্ম উপদেষ্টা বলেন, মুসলিমদের জন্য সুন্নাহর গুরুত্ব অপরিসীম। এই সুন্নাহ থেকে বিচ্যূত হলে বিদআ'ত আমাদেরকে গ্রাস করে ফেলবে। তাওহীদ ও রিসালাত ইসলামের দুটি মৌলিক নীতিমালা। শিরক জায়গা পেলে তৌহিদ বিদায় নেয় এবং বিদআ'ত জায়গা পেলে সুন্নাত বিদায় নেয়। মুসলিমদেরকে তৌহিদ ও সুন্নাত দুটিকেই আঁকড়ে ধরতে হবে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, শিরকের সঙ্গে কোন আপোষ নেই। ঠিক একইভাবে আমরা বিদাতের সঙ্গেও আপোষ করতে পারি না। এ ব্যাপারে তিনি সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।

ড. খালিদ বলেন, আমাদের অন্তর সংকীর্ণ। নিজের দল, মত ও পথের মানুষ ছাড়া অন্যদেরকে আমরা অন্তরে স্থান দিতে পারি না। তিনি মুসলমানদের অন্তরকে প্রসারিত করার অনুরোধ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা বলেন, ইসলামি শরিয়তে সুন্নাহর গুরুত্ব ও ব্যাপকতা অত্যধিক। শরিয়তের দ্বিতীয় উৎস হিসেবে মুসলমানদের জীবনে সুন্নাহ বিশেষ তাৎপর্য বহন করে। সুন্নাতকে সর্বান্তকরণে মেনে নেওয়া ব্যতীত ঈমানদার হওয়া যায় না।

সম্মেলনে অন্যান্যের মধ্যে পাকিস্তানের হারাকাতুল কোরআন ওয়াসসুন্নাহর হাফেজ আল্লামা শাইখ ইঞ্জিনিয়ার ইবতিসাম ইলাহী যহীরসহ আহলে হাদীসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন