জুলাই ফাউন্ডেশনকে এক লাখ টাকা অনুদান দিলেন সাংবাদিক এম আবদুল্লাহ

জুলাই ফাউন্ডেশনকে এক লাখ টাকা অনুদান দিলেন সাংবাদিক এম আবদুল্লাহ
অনুদান গ্রহণ করেন শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিনিধিদল। ছবি: আমার দেশ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে অনুদান হিসেবে এক লাখ টাকা প্রদান করেছেন আমার দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টসের (বিএজে) সভাপতি এম আবদুল্লাহ। এম আবদুল্লাহ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ও তথ্য মন্ত্রণালয়ে অধীনস্থ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিনিধি দলের কাছে এ অনুদান হস্তান্তর করা হয়। ফাউন্ডেশনের পক্ষে অনুদান গ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক, জুলাই শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা সামসি আরা জামান এবং ফাউন্ডেশনের একাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাগের সিনিয়র অফিসার মো. হারুন-অর-রশিদ।

বিজ্ঞাপন

অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, আমার দেশ ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, ক্রীড়া সম্পাদক এম এম কায়সার, স্টাফ রিপোর্টার মাহমুদ আশিক প্রমুখ।

জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে গঠিত এ ফাউন্ডেশন শহীদ পরিবারগুলোর পাশে এবং আহত জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। সবশেষ পাঁচ মাস ধরে আর্থিক সংকটের কারণে ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাচ্ছে না। একই সঙ্গে নানা দুর্দশার মধ্য দিয়ে দিনাতিপাত করছে ফাউন্ডেশনটি। জুলাই ফাউন্ডেশনের থিম সং প্রকাশ অনুষ্ঠানে ফাউন্ডেশনের চরম আর্থিক সংকটের কথা জেনে এম আবদুল্লাহ এক মাসের বেতন অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দেন। যা আজ ফাউন্ডেশনকে প্রদান করেন তিনি।

এ সময় জুলাই বিপ্লবে প্রাণ হারানো শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান এম আবদুল্লাহ। ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সহায়তার জন্য এম আবদুল্লাহ ও আমার দেশ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সামসি আরা জামান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন